হাকালুকিতে বিষটোপে ২০০ হাঁসের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকি হাওরের বালুজুড়ী বিলের পাড়ে গত বৃহস্পতিবার শিকারির ছিটিয়ে রাখা বিষটোপ খেয়ে মারা গেছে একটি খামারের ২০০ হাঁস। আরও অনেক হাঁসের অবস্থা সংকটাপন্ন। মৃত হাঁস নিয়ে রাতে বড়লেখা থানায় অভিযোগ দিয়েছেন খামারমালিক মো. লিলু মিয়া।
খামারমালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফনাইচক গ্রামের লিলু মিয়া ও ভাদেশ্বর গ্রামের রহমত আলীর হাঁসের একটি খামার আছে। ১০-১১ বছর ধরে তাঁরা যৌথভাবে খামারটি পরিচালনা করছেন। এ বছর হাকালুকি হাওরের বড়লেখার বালুজুড়ী বিলের পাড়ে খামারের হাঁসগুলো রেখেছেন। চারজন রাখাল হাঁসগুলো দেখাশোনা করেন।
বৃহস্পতিবার সকালে খামারের হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু বিলের পাড়ে অতিথি পাখি শিকারের উদ্দেশ্যে শিকারিদের ছড়িয়ে রাখা বিষটোপ ছিল। এই বিষটোপ খেয়ে খামারের ২০০ হাঁস মারা পড়ে। আরও অনেক হাঁস আক্রান্ত হয়েছে। রাখালদের কাছ থেকে হাঁস মারা যাওয়ার খবর পেয়ে লিলু মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত হাঁস বস্তায় ভরে রাতে বড়লেখা থানায় ছুটে আসেন। এই ঘটনায় বড়লেখা থানায় খামারমালিকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। লিলু মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এখন ডিম পাড়ার সময়। খামার থেকে প্রতিদিন ২০০ ডিম পাওয়া যেত। এতে প্রতিদিন এক হাজার ৬০০ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মরা হাঁসের দাম ৬০ হাজার টাকা। বিষটোপ দেওয়ার জন্য তিনি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের জয়নাল মিয়া, মিলন মিয়া, রজ্জাক মিয়া ও আয়ান মিয়া নামে চারজনকে অভিযুক্ত করেছেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, মৃত হাঁস ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠানো হবে।