হাকালুকিতে মাছের পোনা ছাড়া হলো না, ফেরত গেল টাকা
মৌলভীবাজারের হাকালুকি হাওরে এ বছর হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মাছের পোনা ছাড়া সম্ভব হয়নি। ঠিকাদার চাহিদা ও সময়মতো সরবরাহ না করায় পোনা মাছ ছাড়ার টাকা ফেরত গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তাই এ বছর হাকালুকি হাওরে মাছের প্রত্যাশিত উৎপাদন হবে না। পর্যাপ্ত মাছ থেকে বঞ্চিত হবে হাকালুকি হাওরনির্ভর জেলে ও স্থানীয় মানুষ। তবে ঠিকাদার চুক্তিমতো সব পোনা ছাড়ার দাবি করেছেন এবং সেইমতো পুরো বিল জমা দিয়েছেন।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা মৎস্য বিভাগ হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৭ জুন হাকালুকি হাওরের তালিমপুর ইউনিয়নের পলোভাঙ্গা বিল ও বর্ষাপ্লাবিত এলাকায় পাঁচ লাখ টাকা মূল্যের দুই হাজার ৭৭৭ কেজি ৭৭ গ্রাম রুই, কাতলা, মৃগেল ও কালো বাউশের পোনা অবমুক্ত করার দরপত্র আহ্বান করে। বড়লেখার রুপালি মৎস্য খামার নামে একটি সংস্থা সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতি কেজি ১৮০ টাকা মূল্যে পোনা মাছ সরবরাহের কাজটি পায়।১৬ জুন হাকালুকি হাওরের পলোভাঙ্গা বিলে পোনা মাছ অবমুক্ত করার কথা ছিল। সে অনুযায়ী মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন কাইয়া, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান, বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুনাম উদ্দিন প্রমুখ উপস্থিত হন। কিন্তু দরপত্র অনুযায়ী পোনা মাছের জাত ও আকার না হওয়ায় স্থানীয় জনগণ পোনা অবমুক্ত না করার দাবি জানায়।অভিযোগ করা হয়, দরপত্রের চাহিদার বদলে সিলভার, সরপুঁটি ও তেলাপিয়া জাতের মাছের পোনা মিশ্রণ করে সরবরাহ করা হয়েছে। সেদিন পোনা অবমুক্ত না করেই সাংসদসহ প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিরা ফিরে আসেন। পরবর্তী সময়ে ২১ জুন পোনা অবমুক্তির তারিখ নির্ধারিত হয়।অভিযোগ করা হয়েছে, সরবরাহকারী ঠিকাদার শর্তমতো মাছের পোনা না দিয়ে অন্যান্য জাতের মাছ সরবরাহ করেন। পরে পোনা মাছ ক্রয় কমিটির সদস্যরা বাছাই করে সেদিন ১৭৯ কেজি পোনা মাছ অবমুক্ত করেন। সেদিনই বাকি পোনা সরবরাহ করার কথা থাকলেও ঠিকাদার সেদিন আর পোনা সরবরাহ করেননি। সারা দিন অপেক্ষা করে মৎস্য বিভাগ ও কমিটির লোকজন ফিরে যান। রেজিস্ট্রি ডাকে তাঁর নামে পোনা সরবরাহের জন্য চিঠি পাঠালেও সেই চিঠি তিনি গ্রহণ করেননি। সময়মতো পোনা মাছ অবমুক্ত না করার কারণে ১৭৯ কেজি পোনা মাছের ৩২ হাজার ২২০ টাকা কর্তন করে বাকি চার লাখ ৬৭ হাজার ৭৮০ টাকা প্রকল্প পরিচালক বরাবর ফেরত গেছে। এ কারণে এ বছর হাকালুকি হাওরে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে না। মৌসুমের শুরুতে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় প্রথম পর্যায়ে মাছ ডিম ছাড়তে পারেনি।পোনা অবমুক্ত করা হলে সেই শূন্যতা পূরণ হতো বলে মৎস্য বিভাগ জানিয়েছে। এদিকে ১৭৯ কেজি পোনা অবমুক্ত করা হলেও রুপালি মৎস্য খামারের ঠিকাদার চুক্তিমতো সব মাছ সরবরাহ করেছেন দাবি করে সম্পূর্ণ বিল জমা দিয়েছেন।ঠিকাদার আবদুল খালিক গত বৃহস্পতিবার বলেন, ‘আমি সব মাছ ছেড়ে দিয়েছি। এ সময় মৎস্য কর্মকর্তা হাসিব, তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এখন তারা বলছে মাছ ছাড়িনি। আমাকে কোনো টাকাই দেওয়া হয়নি। এখন টাকা না দিলে সবুর করে ফেলব।’আবদুল খালিক অভিযোগ করেন, তাঁর চার ডেকচি মাছের পোনা মারা গেছে। বেলা ১১টায় মাছ ছাড়ার কথা। কিন্তু গনিয়া মাছ পাওয়ায় ছাড়া হয়েছে বেলা তিনটায়। ২৭২ কেজি মাছ থেকে তারা ১৭৯ কেজি ছেড়েছেন। তিন গাড়ির ৩৩ ড্রাম মাছ ছাড়া হলেও সেটা হিসাবে আনছেন না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন। সেই সময়ে বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা ছুটিতে থাকায় দায়িত্বে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব খান। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মাছ ছাড়ার সময় পুরো কমিটি ছিল। বেলা ১১টায় মাছ ছাড়ার কথা ছিল। আমরা সময়মতো উপস্থিত হয়েছি। ওজন করে ১৭৯ কেজি মাছ পেয়েছি। আরও পোনা আসছে বলে আমাদের বলা হয়। সারা দিন না খেয়ে সন্ধ্যা পর্যন্ত হাওরে অপেক্ষা করেছি। কিন্তু আর আসেনি।’ তিনি জানান, যা করা হয়েছে, স্থানীয় মানুষের উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে করা হয়েছে।বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা আজিবুর রহমান গত বৃহস্পতিবার টাকা ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বারবার ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠি রিসিভ করে না। রেজিস্ট্রি চিঠি ফেরত এসেছে। কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। সে পোনাও দেয়নি। ঠিকাদারের কারণে হাকালুকি হাওরের পুরো এলাকা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ কম উৎপাদন হবে।’ তিনি বলেন, সে পুরো বিল জমা দিলেও কমিটি ১৭৯ কেজির দামই পাস করেছে।