হাকালুকিতে ‘মাকড়সার’ বাসার মতো নিষিদ্ধ জাল!
মৌলভীবাজারে অবস্থিত দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে নিষিদ্ধ জাল ব্যবহার করে অবাধে পোনা মাছ নিধন চলছে। এতে মাছের আবাসস্থল বিপন্ন হয়ে উঠেছে। জুড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০ কেজি ওজনের নিষিদ্ধ জাল জব্দ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকির অবস্থান। এটি দেশের বৃহত্তম হাওর। এই হাওরে ছোট-বড় ২৩৮টি জলমহাল আছে।এলাকাবাসী সূত্র জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং হাওরসংযুক্ত বিভিন্ন নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে হাকালুকির জলমহালগুলো তলিয়ে গেছে। এ সুযোগে বেশ কিছু লোক নিষিদ্ধ বেড়, কারেন্ট, জাপানি কারেন্ট ও কাপড়ি জাল দিয়ে ভাসা পানিতে অবাধে মাছ শিকার শুরু করেছে। জালে আটকা পড়ছে বিভিন্ন জাতের মাছের পোনা। এসব মাছ স্থানীয় হাট-বাজারসহ সিলেট ও ঢাকায় বিক্রি হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে হাওরপারের বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, হাওরের শুধু জুড়ী উপজেলা অংশেই শতাধিক বেড় জাল আছে। এসব জাল ৫০০ থেকে তিন হাজার হাত পর্যন্ত লম্বা। ৫০০ হাতের একটি বেড় জাল তৈরিতে খরচ পড়ে প্রায় দেড় লাখ টাকা। বেশির ভাগ বেড় জালের মালিক স্থানীয় প্রভাবশালী কিছু লোক। এলাকার দরিদ্র মৎস্যজীবীদের দিয়ে তাঁরা এই মৌসুমে মাছ শিকার করান। তবে প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশে তাঁরা অপারগতা প্রকাশ করেন।স্থানীয় লোকজন জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার চলে। কিছু মাছ পাইকারেরা কিনে রাতে উপজেলার জাঙ্গিরাই চত্বর থেকে দূরপাল্লার বাসে করে ঢাকায় নিয়ে যান। মৎস্য বিভাগ সূত্র জানায়, বছরের ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (নয় ইঞ্চি) চেয়ে কম মাপের শোল, গজার, টাকি, কার্ফু, রুই, কাতলা, মৃগেল, কালোবাউশ ও ঘনিয়া মাছ ধরা নিষিদ্ধ। এ ছাড়া ওই সময়ে ৪ দশমিক ৫ সেন্টিমিটারের কম ব্যাসের দৈর্ঘ্যের ফাঁকবিশিষ্ট জাল দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ।সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুল মতিনের নেতৃত্বে দুটি দল ইঞ্জিনচালিত নৌকায় করে হাকালুকির বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ কেজি ওজনের বেড় ও ৭০ কেজি ওজনের জাপানি কারেন্ট জাল জব্দ করা হয়। বেলা প্রায় আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘হাওরে মাছের আবাসস্থল হুমকির মুখে পড়েছে। পুরো হাওরে “মাকড়সার” বাসার মতো কারেন্ট জাল পেতে রাখা দেখেছি। পেছনের পাখায় জাল জড়িয়ে পড়ায় বারবার ইঞ্জিন বন্ধ হয়ে নৌকা আটকে যায়। বেড় জাল ব্যবহারকারীরা টের পেয়ে সটকে পড়ায় আটক করা যায়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা জানান, পোনা মাছ নিধন বন্ধে সতর্ক করে এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে। এর পরও কিছু লোক ওই কাজ করছে বলে শোনা যাচ্ছে। নিয়মিত অভিযানের পাশাপাশি খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।