হাকালুকির অভয়াশ্রম থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের মাইছলার ডাক বিল অভয়াশ্রমে গড়ে তোলা অবৈধ স্থাপনা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করেন।
জুড়ী উপজেলা মৎস্য কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে সরকার হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এই অবস্থায় ২০১০ ও ২০১১ সালে দেশি মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এ হাওরের ১৮টি বিলকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। এর মধ্যে মাইছলার ডাক বিলও পড়েছে। এটির আয়তন প্রায় ২২ একর।
সম্প্রতি দুর্বৃত্তরা মাইছলার ডাক বিল থেকে মাছ লুট করার চেষ্টা চালায়। বিল শুকাতে পানিনিষ্কাশনের জন্য তারা একটি নালা কেটে দেয় এবং বিলের পাড়ে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে।মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বেলা একটার দিকে সেখানে অভিযান চালান। তাঁরা মাটি ভরাট করে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দেন এবং অস্থায়ী ঘরটি ভেঙে দেন।