হাকালুকির চাতলা বিল থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ!
হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী উপজেলা অংশের চাতলা বিল অভয়াশ্রমে গতকাল শনিবার প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইজারা বন্ধ করে গত বছর চাতলা বিলকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। দুর্বৃত্তরা কিছুদিন ধরে ওই বিলে নিষিদ্ধ জাল পেতে বিভিন্ন জাতের পোনা মাছ ধরছিল। এ ব্যাপারে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের একটি দল গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চাতলা বিলে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নিষিদ্ধ জাল জব্দ করে কণ্ঠিনালা সেতুসংলগ্ন খেয়াঘাটে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। তবে এর সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘জালে আইড়, জাটকা, ঘাঘটসহ বিভিন্ন জাতের মাছের পোনা আটকা পড়তে দেখা গেছে। এসব মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ছাড়া চাতলা বিল অভয়াশ্রমের সীমানার চারপাশে পতাকা লাগানো ৪০টি লম্বা বাঁশের খুঁটি পুঁতে এর অভ্যন্তরে কোনো ধরনের জাল না ফেলতে লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে।’