হাকালুকি হাওর থেকে প্রতিবছর পাখি কমছে। এর অন্যতম কারণ হাওরের পরিবেশ ধ্বংস হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পাখি ধরা, বিষটোপ দিয়ে পাখি মারা এবং হাওর ভরাটের কারণে পরিবেশের এই ক্ষতি হচ্ছে। হাওরের পরিবেশ রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। হাকালুকি ধ্বংস হলে শুধু জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যই নয়, হাওরপারের মানুষের জীবন-জীবিকা বিপন্ন হবে। হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে নাগরিক বন্ধনে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলা সদরের চৌমোহনা এলাকায় এই নাগরিক বন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা। কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও আন্দোলন মৌলভীবাজারের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবদুল মালিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল, সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।
নাগরিক বন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন সাংস্কৃতিককর্মী জাকির হোসেন, শহীদুল ইসলাম তনয়, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ ফরহাদ আহমদ প্রমুখ। প্রবীণ রাজনীতিবিদ আবদুল মালিক বলেন, হাকালুকি হাওরের পরিবেশ রক্ষায় সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে। হাকালুকি বেঁচে থাকার ওপর নির্ভর করছে হাকালুকিপারের লাখো মানুষের জীবন-জীবিকা।
শরিফ জামিল গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বাপার একটি দল গতকাল (গত বৃহস্পতিবার) হাকালুকি হাওরে গিয়েছিলাম। গিয়ে দেখি, পাখি নেই। পানি শুকিয়ে গেছে। স্থানীয় লোকজন বলেছেন আগের চেয়ে পাখি কমে গেছে। আমরা আজ নাগরিক বন্ধনের মাধ্যমে দাবি করেছি হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কুলাউড়ার মানুষকেও এগিয়ে আসতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে ছিলেন নাট্যাভিনেতা হাসান মাসুদ।