হাকালুকির দুটি বিল অভয়াশ্রম অরক্ষিত
পাহারার ব্যবস্থা না থাকায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের দুটি বিল অভয়াশ্রম অরক্ষিত হয়ে পড়েছে। এসব অভয়াশ্রম থেকে মাছ লুট হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ২০১০ এবং ২০১১ সালে ১৮টি বিলের (জলমহাল) ইজারা বাতিল করে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। পরে পাঁচটি বিল অভয়াশ্রম বিভিন্ন মৎস্যজীবী সমিতির নামে ভূমি মন্ত্রণালয় ইজারা দিয়ে ফেলে। এ অবস্থায় মৌলভীবাজারের জেলা প্রশাসন ইজারা থেকে বাদ পড়া ছয়টি বিল অভয়াশ্রম ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পকে (সিবিএ-ইসিএ)। এ বিলগুলো হলো হাওরের জুড়ী উপজেলা অংশের মাইছলারডাক ও আগদার বিল এবং বড়লেখা উপজেলা অংশের মইয়াজুড়ী, রঞ্চি, নিমু ও তেকুনি কইয়েরমোড়া-কেশবডহর গ্রুপ (বদ্ধ)। এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান গত বছরের (২০১৩) ৭ এপ্রিল কুলাউড়ায় অবস্থিত সিবিএ-ইসিএ প্রকল্পের কার্যালয়ের ব্যবস্থাপনা কর্মকর্তা বরাবর একটি চিঠি দেন। সিবিএ-ইসিএ প্রকল্প পলিতে ভরাট হয়ে পড়া বিল অভয়াশ্রমগুলো পুনঃখনন, মাছের আবাসস্থল সৃষ্টিসহ মাছের প্রজনন রক্ষা, বাঁধ নির্মাণ, মাছের উৎপাদন বৃদ্ধিসহ নানামুখী কার্যক্রম নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। তা ছাড়া এ কাজে সিবিএ-ইসিএ প্রকল্পের সহযোগী হিসেবে বেসরকারি সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) ও সংশ্লিষ্ট নিবন্ধিত গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) কাজ করবে বলেও উল্লেখ করা হয়।
সিবিএ-ইসিএ প্রকল্প সূত্র জানায়, দায়িত্ব পাওয়ার পর প্রকল্পের উদ্যোগে সিএনআরএসের মাধ্যমে পাহারার জন্য ছয়টি বিলে মাসিক বেতনে দুজন করে লোক নিয়োগ দেওয়া হয়।
এদিকে গত ৩১ ডিসেম্বর সিএনআরএসের সঙ্গে সিবিএ-ইসিএ প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
সম্প্রতি সরেজমিনে জুড়ীর মাইছলারডাক ও আগদার বিল অভয়াশ্রমে গিয়ে কোনো পাহারাদারকে পাওয়া যায়নি। বিলে পানিও কম দেখা গেছে।
এলাকাবাসী জানান, ইজারা হওয়া বিভিন্ন বিলে পাহারাদার রয়েছে। কিন্তু মাইছলারডাক ও আগদার থেকে পাহারাদারেরা চলে গেছেন। এ সুযোগে দুর্বৃত্তরা প্রায়ই রাতে জাল টেনে ও নালা কেটে পানি শুকিয়ে বিল অভয়াশ্রমগুলো থেকে ছোট-বড় বিভিন্ন জাতের মাছ লুট করছে।
জুড়ীতে দায়িত্বে থাকা সিএনআরএসের মাঠ কর্মকর্তা আশরাফুল আলম সম্প্রতি প্রথম আলোকে জানান, সিবিএ-ইসিএ প্রকল্পের সঙ্গে তাঁদের সংস্থার চুক্তি নবায়ন হওয়ার বিষয়ে উভয় পক্ষের কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে।