হাকালুকির দুটি স্থায়ী অভয়াশ্রমে অবাধে মাছ নিধন!
দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে ‘স্থায়ী অভয়াশ্রম’ হিসেবে ঘোষিত দুটি জলমহালে অবাধে মাছ নিধন চলছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে হাওরপাড়ের কিছু বাসিন্দা অভিযোগ করেন, ইজারা পেতে ইচ্ছুক সমিতির লোকজন বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ‘চিনাউরা (গ্রুপ)’ এবং ‘চিনাউরা-আগধার’ জলমহালে জাল টেনে অবাধে মাছ নিধন করছে। এসব মাছ স্থানীয় মৎস্যজীবীদের কাছে বিক্রি করা হয়। বাধা দিলে ওই লোকেরা হুমকি-ধমকি দেয়।উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা গতকাল বলেন, ‘প্রশাসনের একার পক্ষে ‘‘স্থায়ী অভয়াশ্রম’’ দেখভাল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সর্বস্তরের লোকজনের সহযোগিতা দরকার। এ ছাড়া অভয়াশ্রম ব্যবস্থাপনার বিষয়ে এখনো কোনো নীতিমালাও পাওয়া যায়নি। আর মাছ নিধনের অভিযোগ পেয়ে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। টের পেয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে।’