হাকালুকির পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা, হাওরনির্ভর মানুষের জীবিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে দক্ষ করে তোলা হবে।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নতুন কার্যক্রম সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, পরিবেশ নিয়ে শুধু তাত্ত্বিক কথা নয়, এখন বাস্তবে কাজ শুরু করতে হবে। অনেক সময় কেন্দ্রে বসে প্রস্তুত নীতিমালা মাঠপর্যায়ে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার সমন্বয় করে বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যের জলাভূমি হাকালুকিকে খাদ্য ও পরিবেশের জন্য রক্ষা করতে হবে। হাকালুকিতে অনেক মাছ, পাখি, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ছিল। পরিবেশের স্বার্থেই হাকালুকিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। হাওরের প্রতিবেশ-ব্যবস্থা ভালো রাখলে মাছ, গাছ, জীববৈচিত্র্য বেঁচে থাকবে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ছাড়পত্র) মো. শাহাজান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ-ব্যবস্থাপনা) জাফর সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম। প্রকল্পের ব্যাখ্যা দেন সিএনআরএসের (সেন্টার ফর ন্যাচারেল রিসোর্স স্টাডিজ) সমন্বয়কারী অসিতাভ হালদার। টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর সহব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক আমিনুর রহমান। বাইক্কা বিলের ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন সিএনআরএসের পরিচালক মখলিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাস, আরডিসি আবদুল কুদ্দুস প্রমুখ। আলোচকেরা বলেন, হাকালুকি হাওরে ১৮টি বিলকে ইজারামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এই বিলগুলোতে অভয়াশ্রম তৈরি করা হবে। কিন্তু হাকালুকি হাওরের উজানে চা-বাগান রয়েছে। তাতে কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কার হয়ে থাকে। টিলায় আনারসের চাষ করা হচ্ছে। এতে ঢালের সঙ্গে মাটি এসে বিল ভরাট হয়ে যাচ্ছে। অন্যদিকে জুড়ী, কন্টিনালা, ফানাইসহ বিভিন্ন নদীতে মাছের ডিম ছাড়ার মৌসুমে অবাধে জাল দিয়ে মাছ ধরা হয়। একটা নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ ও মাটি আসা রোধ করা না গেলে অভয়াশ্রম করে কোনো লাভ হবে না। এ ছাড়া এসব নদী ও ছড়ায় বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। এই বিষাক্ত পানি হাওরে পড়ে। একই অবস্থা হাইল হাওরের বাইক্কা বিলেও।