হাকালুকির বিল অভয়াশ্রম ইজারা দেওয়ার পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকি হাওরের একটি বিল অভয়াশ্রম ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে। প্রতিবেশগত সংকটাপন্ন এ বিল একটি মৎস্যজীবী সমিতিকে ইজারা দিতে ইতিমধ্যে সুপারিশ করেছে উপজেলা ও জেলা জলমহাল কমিটি। এখন বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১০ ও ২০১১ সালে ভূমি মন্ত্রণালয় হাওরের ১২টি বিলের ইজারা বাতিল করে অভয়াশ্রম ঘোষণা করে। এর একটি বড়লেখার পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ)। ৩৯৫ একরের বিলটি উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য গত বছরের ৫ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত জলবায়ু-সহিষ্ণু প্রতিবেশ ও জীবিকায়ন প্রকল্পকে (ক্রেল) দায়িত্ব দেয়।
এদিকে বিল অভয়াশ্রমটি ছয় বছরের (বাংলা ১৪২৩ থেকে ১৪২৮ সন) ইজারা পেতে বড়লেখার ইসলামপুর এলাকার যমুনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে। মন্ত্রণালয় এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চায়। জেলা প্রশাসক বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন চান।
গত ৩ এপ্রিল বড়লেখা উপজেলা জলমহাল কমিটির সভায় সুপারিশ করা হয়, রাজস্ব বৃদ্ধির স্বার্থে বিল অভয়াশ্রমটি উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়া যেতে পারে। ১৯ মে মৌলভীবাজার জেলা জলমহাল কমিটির সভায় ‘আইনে কোনো বাধা না থাকলে’ বিল অভয়াশ্রমটি ইজারার সুপারিশ করা হয়।
উপজেলা ও জেলা জলমহাল কমিটির দুটি সভাতেই উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, শীতকালে বিল অভয়াশ্রমটি একেবারে শুকিয়ে যায়। সে কারণে ইজারার সুপারিশ করা হয়েছে।
বড়লেখা উপজেলা জলমহাল কমিটির সভাপতি ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতেই বিল অভয়াশ্রমটি ইজারার পক্ষে সুপারিশ করেছেন তাঁরা।
তবে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় তিনি ইজারার ব্যাপারে আইনগত বাধার কথা তুলে ধরেছেন।