হাকালুকির বিলটি ইজারা না দেওয়ার সিদ্ধান্ত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত হাকালুকি হাওরের পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিলটি ইজারা না দিয়ে অভয়াশ্রম হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, হাওরের পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিলটিও রয়েছে। কিন্তু বিলটি ছয় বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা পেতে বড়লেখার ইসলামপুর এলাকার যমুনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে। এ নিয়ে ১৯ মে জেলা জলমহাল কমিটির সভা হয়। ওই সভায় ‘আইনি কোনো বাধা না থাকলে’ বিলটি ইজারা দেওয়ার সুপারিশ করা হয়।
১৭ জুলাই ভূমি মন্ত্রণালয়ে সরকারি জলমহাল ইজারা-সংক্রান্ত কমিটির ৩৭তম সভায় পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিল অভয়াশ্রমটি ইজারা না দিয়ে অভয়াশ্রম হিসেবে বহাল ও সংরক্ষণের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা জানিয়ে ২৭ জুলাই জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়।