হাকালুকির বিলটি ইজারা না দেওয়ার সিদ্ধান্ত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত হাকালুকি হাওরের পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিলটি ইজারা না দিয়ে অভয়াশ্রম হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে ২০১০ ও ২০১১ সালে ভূমি মন্ত্রণালয় হাকালুকি হাওরের ১২টি বিলের ইজারা বাতিল করে সেগুলোকে অভয়াশ্রম ঘোষণা করে। এর মধ্যে পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিলটিও রয়েছে। কিন্তু বিলটি ছয় বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা পেতে বড়লেখার ইসলামপুর এলাকার যমুনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রণালয়ে সম্প্রতি আবেদন করে। ৩ এপ্রিল উপজেলা জলমহাল কমিটির সভায় সরকারি রাজস্ব বৃদ্ধির স্বার্থে বিলটি ওই সমিতিকে ইজারা দেওয়ার জন্য সুপারিশ করা হয়। ১৯ মে জেলা জলমহাল কমিটির সভা হয়। ওই সভায় ‘আইনি কোনো বাধা না থাকলে’ বিলটি ইজারা দেওয়ার সুপারিশ করা হয়।
১৭ জুলাই ভূমি মন্ত্রণালয়ে সরকারি জলমহাল ইজারা-সংক্রান্ত কমিটির ৩৭তম সভায় পলোভাঙা, মরাসোনাই ও চিকনউটি গ্রুপ (বদ্ধ) বিল অভয়াশ্রমটি ইজারা না দিয়ে অভয়াশ্রম হিসেবে বহাল ও সংরক্ষণের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা জানিয়ে ২৭ জুলাই জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিল অভয়াশ্রমটি ইজারা না দিতে আইনগত বাধার কথা তুলে ধরে তিনি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় জোরালো দাবি জানিয়েছিলেন।