হাকালুকির বুকে ‘বকবাড়ি’
হাওরের বুকে এক খণ্ড হিজলবন। সন্ধ্যা নামলেই সেখানে ভিড় জমায় নানা জাতের বক। তাদের কলকাকলিতে মুখরিত হয় পুরো এলাকা। জায়গাটি যেন ‘বকবাড়ি’ হয়ে উঠেছে। এটির অবস্থান মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলের পাশে।এলাকাবাসীর ভাষ্যমতে, চাতলা বিলটি ৫১৮ একর আয়তনের। এর মধ্যে হিজলবনটি প্রায় পাঁচ একরজুড়ে। এটি ৫০-৬০ বছরের পুরোনো। বছরের প্রায় ছয় মাস অথই পানিতে তলিয়ে থাকে হাকালুকি। চার-পাঁচ ফুট উচ্চতার হিজলগাছগুলোও পানির নিচে থাকে। শীতের শুরুতে পানি নেমে গেলে বনটি দৃশ্যমান হয়। এ মৌসুমে এটি বকদের আবাসস্থল হয়ে ওঠে। সম্প্রতি এক বিকেলে সরেজমিনে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে উড়ে আসা বক হিজলবনে আশ্রয় নিচ্ছে। হিজলের ডালপালায় পড়ে তারা সমস্বরে ডাকাডাকি করছে। চাতলা বিলের পাড়ে রবিশস্যের খেতে আগাছা পরিষ্কারের কাজ শেষে বাড়ি ফিরছিলেন বেলাগাঁও গ্রামের বাসিন্দা বারিক মিয়া (৪৫)। আলাপচারিতায় তিনি জানালেন, প্রায়ই এ সময়টাতে (সন্ধ্যার আগ মুহূর্ত) তিনি দূর থেকে দাঁড়িয়ে হিজলবনে বকদের মেলা দেখেন। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘চাইর-পাঁচ বছর আগে আরও বেশি বগুলা (স্থানীয় লোকজন বককে বগুলা ডাকে) দেখা যাইত ইখানে (হিজলবনে)। অখন (এখন) তো কমি (কমে) গেছে। মানুষে বনের গাছ-ডাল কাটি (কেটে) নেয়গি (নিয়ে যায়)।’ সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম জানান, প্রতিবছর শীতের মৌসুমে দেশি-বিদেশি পর্যটকেরা পরিযায়ী পাখির সমাবেশ দেখতে হাকালুকি হাওরে বেড়াতে আসেন। কিন্তু যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় তাঁরা ভোগান্তি পোহান। তিনি আরও জানান, জুড়ী-কুলাউড়া সড়কের কণ্ঠিনালা সেতু থেকে রাবারবাঁধ পর্যন্ত কণ্ঠিনালা নদীর দুই পাড়ে প্রতিরক্ষা দেয়াল স্থাপন করে প্রায় চার কিলোমিটার উঁচু পাকা সড়ক নির্মাণ করা গেলে হাওরে যাতায়াতে সুবিধা হতো। এ ছাড়া বন্যার কবল থেকে কয়েকটি গ্রামও রক্ষা পেত। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠাবেন। শরিফুল জানান, লোকজন যাতে হিজলবনের গাছ-ডালপালা না কাটে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হবে। হাকালুকি হাওরের উন্নয়নে কর্মরত পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হিজলবনটিতে দেশি কানিবক, গো বগা, ছোট বগা, মাঝলা বগা ও বড় বগা জাতের বক বেশি দেখা যায়। দিনভর বকগুলো খাবারের খোঁজে এক বিল থেকে অন্য বিলে ঘুরে বেড়ায়। রাতটা তাদের হিজলবনেই কাটে। বর্ষা মৌসুমে বন ডুবে গেলে প্রজননের জন্য বকগুলো লোকালয়ের কাছাকাছি ঝোপঝাড়ে চলে যায়। বর্তমানে সেখানে পাঁচ-ছয় হাজার বক বাস করছে।’ ২০০৯ সালের দিকে হিজলবনটিকে তাঁরা বকের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছেন বলে জানান বশির আহমেদ।