হাকালুকির মাছ খাওয়ায় কোনো ঝুঁকি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকি হাওরের মাছ খাওয়ার ক্ষেত্রে মানুষের ভীতি কাটাতে মৎস্য বিভাগ হাওরপারের বিভিন্ন স্থানে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গত শুক্রবার থেকে এসব কর্মসূচি অনুযায়ী মাইকিং ও মাছের বাজারে সভা করা হচ্ছে।
গতকাল শনিবার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হাকালুকি হাওর পরিদর্শন করে।
মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অকালবন্যার পর হাকালুকি হাওরে প্রচুরসংখ্যক মাছ মরে যায়। এখন মাছ মরা বন্ধ হলেও মানুষের মধ্য মাছ খেয়ে রোগাক্রান্ত হয়ে পড়ার ভীতি কাজ করছে। অনেকেই হাকালুকি হাওরের মাছ খেতে দ্বিধাগ্রস্ত। হাওরে মাছ ধরা হলেও অনেকেই সে মাছ কিনছেন না। এর প্রভাব পড়েছে জেলা সদরসহ জেলার বিভিন্ন হাটবাজারে।
এ বিষয়ে গত শুক্রবার মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের মাছ বিক্রেতা মো. জাহাঙ্গীর মিয়া বলেন, ‘কদিন ধরে ব্যবসায় নেই। মানুষ হাওরের মাছ কিনতে চাইছে না। মাছ বিক্রি কমে গেছে।’
মাছ খাওয়ার ভীতি কাটাতে মৎস্য বিভাগ গত শুক্রবার কুলাউড়া উপজেলায় মাইকিং করেছে। কুলাউড়া সদরের মাছের বাজারে সচেতনতামূলক সভা করেছে। এ ছাড়া বিভিন্ন হাটবাজারে ব্যানার টানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাকালুকি হাওরের মাছ নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পানির ভৌত রাসায়নিক ও মাছের বাহ্যিক গুণাগুণ পরীক্ষা করে দেখা গেছে, হাকালুকির মাছ সম্পূর্ণ নিরাপদ এবং এতে মানুষের জন্য কোনো প্রকার স্বাস্থ্যঝুঁকি নেই।
এদিকে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, অতিরিক্ত সচিব নজরুল আনোয়ার, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম মো. শফিক-উজ্-জামান প্রমুখ হাকালুকি হাওর পরিদর্শন করেন।
জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম মো. শফিক-উজ্-জামান বলেন, ‘আমরা হাওর ঘুরে দেখলাম। পানি শতভাগ নিরাপদ। পানির গুণাগুণ ফিরে আসছে। মাছে কোনো টক্সিক নাই। আমিও ইতিমধ্যে হাকালুকি হাওরের মাছ খেয়েছি। কোনো সমস্যা নেই। হাওরের পরিস্থিতি এখন স্বাভাবিক।’