হাকালুকির মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকিতে
দেশের বৃহত্তম হাওর হাকালুকির মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিল ইজারার ক্ষেত্রে আড়ালে প্রভাবশালীদের দৌরাত্ম্য, অভয়াশ্রমের মাছ অবাধে লুট, বিভিন্ন বিলের (জলমহাল) পানি সেচে মাছ নিধন, বিলের ভেতরে ধানের আবাদ এবং ‘বিষটোপ’ ছিটিয়ে পাখি হত্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার ২৮ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি বিস্তৃত। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার গত দুই বছরে (২০১০ ও ২০১১) হাকালুকির ১৮টি বিলের ইজারা বন্ধ করে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা করে। এর মধ্যে বেশির ভাগ পড়েছে বড়লেখা উপজেলা অংশে। হাওরটির উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনসহ বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস), সমন্বিত রক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক) এবং ২৮টি নিবন্ধিত ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি কাজ করছে।সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা জুড়ীর উজান তুরল ও নাগুয়া বিলের সংযোগ খালের দুই পাশে মাটির বাঁধ তৈরি করে দুটি সেচযন্ত্র দিয়ে পানি শুকিয়ে বিভিন্ন জাতের মাছ ধরে। পরদিন মৎস্য অধিদপ্তরের লোকজন সেখানে গিয়ে দুটি সেচযন্ত্র জব্দ করে নিয়ে আসে।জুড়ীর ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ জানান, জড়িতদের নাম-ঠিকানা পেলে তাঁরা মামলা করবেন।একই দিন রাতে দুর্বৃত্তরা বড়লেখার গুজুয়া বিল অভয়াশ্রমের পাহারাদার মিলু মিয়াকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে মারধর করে জাল টেনে মাছ লুটে নেয়। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার একতা ইসিএ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক রোশনে আলম চৌধুরী বাদী হয়ে নিজ ঘিলাছড়া গ্রামের কনই মিয়া, পূর্ব যুধিষ্ঠিরপুরের মুড়াই মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মাসখানেক আগে এলাকার প্রভাবশালীরা বড়লেখার রঞ্চি ও কালাপানি বিল থেকে কয়েক লাখ টাকার মাছ ধরে নেয়। এ ছাড়া জুড়ীর চাতলা বিল অভয়াশ্রমের বাঁধ কেটে পানি শুকিয়ে মাছ ধরা হয়।এলাকাবাসীর অভিযোগ, শিকারিরা প্রতিদিনই হাওরের বিভিন্ন এলাকায় বিষটোপ ছিটিয়ে পাখি নিধন করছে। সেদ্ধ করা ধানের সঙ্গে এক ধরনের কীটনাশক মিশিয়ে ওই বিষটোপ তৈরি করা হয়। মৃত পাখি জবাই করে ঢাকা ও সিলেট নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করা হয়। সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, হাওরের উজান তুরল, নাগুয়া, চাতলা, রঞ্চি ও কালাপানি বিল প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। চাতলা বিলের শুকিয়ে যাওয়া বিস্তৃত এলাকায় বোরো ধানের আবাদ করা হয়েছে। পরিযায়ী জলচর পাখিরও সমাগম কম।হাওরে মহিষ চরাতে ব্যস্ত জুড়ীর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মনসুর আলী (৬০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘আওরোর খেতি তো মানুষেই করের। বিল হিচিয়া (সেচে) মানুষেই মাছ ধরের। আবার বিষ খাওয়াইয়া পাখিও মারের মানুষে। এরারে সামলালেই আওর বাঁচব।’সিএনআরএসের কুলাউড়া কার্যালয়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা সুজিত রায় বলেন, হাওরে মাছ ও পাখির আবাসস্থল বিপন্ন বলা যায়। কীভাবে এ অবস্থা দূর করা যায়, তা সবাইকে গভীরভাবে ভাবতে হবে। অনেক জায়গায় ইসিএ সমিতির লোকজন সক্রিয়ভাবে কাজ করছেন না। তাঁদের সক্রিয় করতে হবে।আইপ্যাকের কুলাউড়া কার্যালয়ের সাইট ফ্যাসিলিটেটর তৌহিদুর রহমান বলেন, বিল ইজারায় প্রকৃত মৎস্যজীবীরা লাভবান হন না। তাঁরা অনেকটাই কামলার মতো খাটেন। কাগজপত্রে মৎস্যজীবী সমিতির নাম ব্যবহার করে মূলত লাভবান হন এলাকার প্রভাবশালী লোকজন। ওই লোকেরাই অধিক মুনাফা করতে সেচযন্ত্র দিয়ে বিল শুকান। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে ভাবা দরকার।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিলে ধানের আবাদ মাছের জন্য খুবই ক্ষতিকর। কারণ, ধানখেতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। সেচ বা বৃষ্টির পানির সঙ্গে তা বিলে গড়িয়ে পড়ে। এতে মাছের প্রজননে ব্যাঘাত ঘটবে।মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হাকালুকির মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা বেশি দরকার। বিল সেচে মাছ ধরা ও পাখি নিধন বন্ধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে। এ ছাড়া পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে, সে জন্য হাওরের ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার বন্ধ এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের বিষয়ে চাষিদের সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।