হাকালুকির ‘চাতলা’ বিল অভয়াশ্রম ইজারার সিদ্ধান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী উপজেলা অংশে অবস্থিত ‘চাতলা’ বিল (জলমহাল) অভয়াশ্রম একটি মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভয়াশ্রম বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারী সংগঠন হাওর রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা জুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। মাছের আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১০ ও ২০১১ সালে ভূমি মন্ত্রণালয় হাকালুকির ১৮টি বিলের ইজারা বন্ধ করে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। এর মধ্যে চাতলা বিলও আছে। এটির আয়তন প্রায় ৫১৮ একর। চাতলা বিলটি ছয় বছর মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা পেতে জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জমির আলী ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ মে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির ১৬তম সভায় প্রথম চার বছর বার্ষিক ২০ লাখ টাকা এবং পরবর্তী দুই বছর ২০ লাখ টাকার ২৫ শতাংশ বর্ধিত রাজস্বমূল্যে চাতলা বিলটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। ৯ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ারুল হক বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দেন।প্রবীণ কৃষকনেতা ও জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমদ ক্ষোভের সঙ্গে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘কোনোভাবেই চাতলা বিল অভয়াশ্রম ইজারা দেওয়ার সিদ্ধান্ত আমরা মানব না। এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’ তিনি বলেন, ‘মৎস্যজীবী সমিতির নাম ব্যবহার করে মূলত এলাকার প্রভাবশালী লোকজন বিল ইজারা নেয়। আর সমিতিকে তারা মাত্র ৪-৫ শতাংশ লভ্যাংশ দেয়। অনেক সমিতিতে আবার প্রকৃত মৎস্যজীবী নেই। এ ছাড়া বেশি মুনাফার উদ্দেশ্যে প্রভাবশালীরা ইজারার শর্ত ভঙ্গ করে পানি সেচে ডিমওয়ালা (মা) মাছ ধরে নেয়। এ কারণে হাকালুকির বিভিন্ন জাতের মাছ বিলুপ্ত হয়ে গেছে। বিল ইজারা প্রথা বাতিল করে লাইসেন্স প্রথা চালুর মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার সুযোগ সৃষ্টির দাবি করছি আমরা।’সিরাজ উদ্দিন আহমদ জানান, হাওরের বিল ইজারা প্রথা বাতিল, অভয়াশ্রম বাস্তবায়ন ও হাকালুকি হাওরাঞ্চলকে হাওর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবিতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চাতলা বিল ইজারাসংক্রান্ত মন্ত্রণালয়ের একটি চিঠি সম্প্রতি পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজনের আপত্তি থাকায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য ভূমি মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠাব।’