হাকালুকিসহ সব হাওরের ফসল ও মাছ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল ইজারা প্রথা বাতিল করে হাকালুকি-কাওয়াদীঘিসহ সব হাওরের ফসল রক্ষা, কৃষি-কৃষক, মাছ ও মৎস্যজীবী রক্ষার দাবি জানিয়েছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। গতকাল বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবে হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে হাওর রক্ষা সংগ্রাম কমিটি নভেম্বর মাসকে দাবি মাস হিসেবে ঘোষণা করেছে।সংগ্রাম কমিটির লিখিত বক্তব্যে বলা হয়েছে, মৌলভীবাজার জেলার হাকালুকি, কাওয়াদীঘি, হাইল, বড় হাওর, করাইয়া ও কেওলা হাওর এলাকার উৎপাদিত ফসল জাতীয় অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে। কিন্তু সাম্প্রতিককালে প্রতিবছর অকালবন্যা ও কৃত্রিম জলাবদ্ধতায় ফসল নষ্ট হচ্ছে। কৃষকেরা সর্বস্বান্ত হচ্ছেন। ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। চলতি বছরেও মনু নদী প্রকল্পভুক্ত মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় কাওয়াদীঘি হাওরের প্রায় তিন হাজার হেক্টরের রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। হাওরাঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। নষ্ট হয় রবিশস্য, গাছপালা, পয়োনিষ্কাশনব্যবস্থা এবং অনেক পুকুর ও খামারের মাছ পানিতে ভেসে যায়। অভিযোগ করা হয়, হাওরের জলমহাল ইজারাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রকল্পের কাশিমপুর পাম্প হাউসের ফটক খুলে দিয়ে হাওরে পানি ঢুকিয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকেয়ারি নামক স্থানে প্রায় এক হাজার মিটার দীর্ঘ একটি বাঁধ দিয়েও হাকালুকি হাওরের কৃষি ব্যবস্থাকে সংকটাপন্ন করা হয়েছে। এর ফলে হাওরাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রায় আড়াই শ গ্রাম প্লাবিত হচ্ছে। রোপা আমনের চাষাবাদ অসম্ভব হয়ে উঠেছে। জলমহাল ইজারাদার ও স্বার্থান্বেষী মহলের মুনাফার স্বার্থে হাকালুকি ও কাওয়াদীঘি হাওরের কৃষিব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক গজনফর আলী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন বাদশা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক নীহারেন্দু হোম চৌধুরী সজল, সদস্য জুনেদ আহমদ, সুহেল আহমদ প্রমুখ।সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে হাকালুকি-কাওয়াদীঘিসহ সব হাওরের জলমহাল ইজারা প্রথা বাতিল, লাইসেন্স প্রথা চালু করে ভাসান পানিতে সব নাগরিকের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, হাওরের বিলগুলোতে মাছের অভয়াশ্রম সৃষ্টি ও মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করে জেলেদের জন্য রেশনিং-ব্যবস্থা চালু করা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও বিনা সুদে কৃষিঋণ দেওয়া, বিনা মূল্যে সার-বীজ, কীটনাশকসহ কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ ও হাওরাঞ্চলে গ্রামীণ রেশনিং-ব্যবস্থা চালু করা। হাওরের ওপর জীবিকা নির্বাহকারী প্রান্তিক চাষি ও খেতমজুরদের ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণ, প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণ ও ভোগদখলের নিশ্চয়তা দেওয়া। বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে মনু, কুশিয়ারা-জুড়ী-ধলাই-কালনীসহ সব নদী ও খাল খনন করা। অপরিকল্পিত বুড়িকিয়ারি বাঁধ অপসারণ ও জুড়ী উপজেলার কন্টিনালায় স্লুইসগেট নির্মাণ। কাওয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে কাশিমপুর পাম্প হাউসের আধুনিকায়ন ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তদন্ত কমিটি গঠন করে হাওরগুলোতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।এ দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বরকে দাবি মাস হিসেবে নির্ধারণ করে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাপর্যায়ে মতবিনিময় এবং ডিসেম্বর মাসে জেলা সদরে কৃষক মহাসমাবেশ।