হাকিমদের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগআহসানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা নিয়ে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের কোনো অভিযোগ নেই। তবে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বরত নির্বাহী হাকিমেরা বিমাতাসুলভ আচরণ করছেন।

গতকাল মঙ্গলবার সকালে নগরের অশ্বিনীকুমার হলে সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন আহসান হাবিব। তিনি আরও বলেন, ‘সিটির তিন থানার ওসি বিদায়ী মেয়র শওকত হোসেনকে স্যার বলে সম্বোধন করতেন। আগামী এক ঘণ্টার মধ্যে ওই ওসিদের বদলি করে নতুন ওসি আনতে হবে। নইলে আমাদের পক্ষে নির্বাচন করা কঠিন হবে।’

জবাবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে অভিযোগ দিতে হবে। ঢালাওভাবে বললে হবে না। কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনী প্রচারণায় কালোটাকা ছড়ানো, পেশিশক্তির ব্যবহার ও ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহারসহ নানা অভিযোগ তুলেছেন অন্যান্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীও।

তবে নির্বাচনী প্রচারণা নিয়ে কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন ১৪ দল-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন। তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসন যে পদক্ষেপ নেবে, তা আমি মেনে নেব।’

নির্বাচন কমিশনার প্রার্থীদের উদ্দেশে বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।