হাকিমপুরে ট্রাক চালক ও সহকারীর লাশ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনি চারমাথা মোড়ে ট্রাক থেকে বস্তাবন্দী অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।উদ্ধারকৃত লাশ দুটির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ঠাকুরগাঁও জেলা সদরের হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক বজলার রহমান (৫০)। অপরজন একই জেলার মুন্সিরহাটের বাসিন্দা গোলাম মোস্তফা (৪০)। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশ দুটি দিনাজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের মালিক নুরুল ইসলাম বলেন, গত শুক্রবার ঠাকুরগাঁও থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৭৪৭১) চাল বোঝাই করে কুমিল্লার দিকে যায়। সেখানে চাল খালাস করে মেঘনাঘাট থেকে আনুমানিক ৬০ ব্যারেল সয়াবিন তেল নিয়ে গত রোববার বিকেলে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। এর পর থেকে চালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। উপজেলার ছাতনি চারমাথা মোড়ের বাসিন্দা তারিকুজ্জামান ও তৌহিদ বলেন, ট্রাকটি মঙ্গলবার ভোর থেকে রাস্তার পাশে ছিল। বিষয়টি তখন কেউ আমলে নেয়নি। সন্ধ্যার দিকে ট্রাক থেকে দুর্গন্ধ বেরোলে স্থানীয় লোকজন দরজা খুলে ভেতরে বস্তা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে রাত নয়টার দিকে এসে তারা লাশ দুটি উদ্ধার করে।