হাকিমপুরে প্রতারণার মামলায় অধ্যক্ষ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বারীকে গত সোমবার কারাগারে পাঠানো হয়েছে। স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বাদী শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান জানান, তিনি সভাপতি থাকাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বারী ব্যাংক থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির তহবিলের টাকা তোলার জন্য ভুয়া রেজ্যুলেশন তৈরি করেন। পরে তাঁর স্বাক্ষর জাল করে ২০১২ সালের ২৪ জুলাই ২৪ হাজার ও ২৬ জুলাই ৫০ হাজার টাকা উপজেলার সোনালী ব্যাংক থেকে তোলেন। এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট তিনি হাকিমপুর থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার দিনাজপুর আমলি আদালত-৪-এ হাজিরা দিতে গেলে আদালতের বিচারক মো. রেজাউল বারী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান বছির জানান, আবদুল বারীর বিরুদ্ধে করা অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি আদালতে প্রতিবেদন জমা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, প্রতারণার অপর একটি মামলায় গত বছর পুলিশ আবদুল বারীকে কারাগারে পাঠিয়েছিল। তাঁর বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।