হাকিমপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন কাজে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে বেআইনীভাবে শিক্ষক বদলি, সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের বেতন প্রদান ও নতুন সরকারি হওয়া বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া বেতন ছাড়করণ করেছেন৷ ঘুষ না দেওয়ায় নতুন সরকারি হওয়া কয়েকটি বিদ্যালয়ের ৫৭ জন সহকারী শিক্ষকের মে মাসের বেতন বন্ধ রেখেছেন বলেও অভিযোগ উঠেছে৷
এ ব্যাপারে নতুন সরকারি হওয়া বিদ্যালয়ের ১২ জন প্রধান শিক্ষক ১৫ জুন দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সাংসদ শিবলী সাদিক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে৷ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোটা টাকার বিনিময়ে গত মাসে উপজেলার আলীহাট ইউনিয়নের সাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে ওয়াহিদা নাজনীনকে পৌর শহরের বাংলা হিলি (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।
অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১২ সালের জারি করা পরিপত্র অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা ও জেলার সদর উপজেলায় শিক্ষক বদলি স্থায়ীভাবে বন্ধ থাকবে৷ এ ছাড়া পৌরসভা ও জেলার সদর উপজেলা থেকে বদলি হয়ে অন্যত্র যেতে পারবে কিন্তু বদলি হয়ে প্রবেশ করতে পারবে না।
জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোনো শিক্ষককে বদলি করতে পারেন না, শুধু সুপারিশ করেন। সাদুড়িয়া স্কুলের শিক্ষিকাকে ২০১১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী বদলির সুপারিশ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি করেছেন।’ ২০১২ সালের পরিপত্র অনুযায়ী গ্রাম থেকে শহরে বদলি বন্ধ থাকার পরও কীভাবে সুপারিশ করলেন—এমন প্রশ্নের উত্তরে বেলায়েত হোসেন কোনো সদুত্তর দিতে পারেননি।
দিনাজপুরের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা বর্তমানে জয়পুরহাট জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, ‘আমি দিনাজপুরে থাকা অবস্থায় এ ধরনের কাউকে বদলি করিনি৷’
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, নতুন সরকারি হওয়া ধাওয়া নশিপুর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে ওই কর্মকর্তা শিক্ষা কমিটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অনুমোদন ছাড়াই প্রধান শিক্ষকের স্কেলে বেতন দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, শিক্ষা কমিটি ও ডিজির অনুমোদন নিয়েই জহুরুল ইসলামকে প্রধান শিক্ষকের স্কেলে বেতন দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি৷
চলতি বছরের ৯ মার্চ সহকারী শিক্ষকদের চার হাজার ৯০০ টাকার বেতন স্কেল বাড়িয়ে পাঁচ হাজার ২০০ টাকা করা হয়৷ কিন্তু বেলায়েত হোসেন উন্নীত স্কেলের বেতন দেওয়ার জন্য ৫৭ জন শিক্ষকের প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে দাবি করেন। তা না দেওয়ায় মে মাসের বেতন ও বিল আটকে রেখেছেন বলে লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ অভিযোগের বিষয়ে তিনি দাবি করেন, সারা দেশে সহকারী শিক্ষকদের বেতন বন্ধ থাকায় মে মাসের বেতন দেওয়া হয়নি।
এ ছাড়া বেলায়েত হোসেন শিক্ষকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ১৯টি বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষকের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস বুক হালনাগাদ করার জন্য ৫০০ টাকা, বকেয়া বেতন ছাড়করণের জন্য ৫০০ টাকা এবং বকেয়া উৎসব ভাতার জন্য ২৫০ টাকা করে নিয়েছেন।
এসব অভিযোগ তিনি অস্বীকার করেন।