হাকিমপুরে শ্রমিক নেতার বাড়ির ছাদ থেকে বোমা উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে একজন শ্রমিকনেতার দোতলা ভবনের ছাদ থেকে চারটি পেট্রলবোমা, চারটি ককটেলসহ বেশ কিছু পটকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা টাস্কফোর্স এই অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, হিলি স্থলবন্দরের ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলমের ওই ভবনের ছাদে কিছু বোমা রাখা আছে—এমন সংবাদ পান হিলি সিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবি এবং পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ভবনের ছাদে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে চারটি পেট্রলবোমা, চারটি ককটেলসজ কিছু পটকা উদ্ধার করা হয়। তখন ওই শ্রমিকনেতা বাড়ি থেকে পালিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরের কয়েকটি শ্রমিক সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। বোমাগুলো থানায় রাখা হয়েছে, নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়নি।