হাকিমসহ দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় এক বিচারিক হাকিমসহ দুজন গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। কাল প্রথমবারের মতো এই মামলায় আসামি নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেছেন।
আদালত আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে দুজনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম প্রথমে আদালতে সাক্ষ্য দেন। চাঁদনী রূপমের আদালতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দায় স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চার আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই স্বীকারোক্তির বিষয়েই আদালতে সাক্ষ্য দেন তিনি।
বেলা দুইটায় আবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের বন্ধু নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান ওরফে রিপন আদালতে সাক্ষ্য দেন। র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নূর হোসেনসহ ৩৫ আসামির পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।
এ দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, মিজানুর রহমান আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে নূর হোসেনের বিরোধ ছিল। এই বিরোধের জের হিসেবে নূর হোসেন প্যানেল মেয়র নজরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করছিলেন। নিহত স্বপন বিষয়টি তাঁর ভাই রিপন ও পরিবারের অন্য সদস্যদের জানিয়েছিলেন। সে বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন রিপন।
পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন বলেন, সময়স্বল্পতার কারণে তিন সাক্ষীর সাক্ষ্য প্রদানের জন্য আদালত আগামী বৃহস্পতিবার পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।