হাকিমসহ পাঁচজনের সাক্ষ্য ও জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দুই মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামসহ পাঁচজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ সাক্ষ্য ও জেরা। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৩০ মে ধার্য করেছেন আদালত।
গতকাল সাক্ষ্য ও জেরা শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্যে দুই মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, লেফটেন্যান্ট কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানা, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেনসহ ২৩ আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, দুটি মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম (চারজন আসামি ও পাঁচ সাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী) আদালতে সাক্ষ্য দেন। পরে মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। পর্যায়ক্রমে জব্দ তালিকার সাক্ষী হিসেবে আবদুল আউয়াল, আজাদ শেখ, মোহাম্মদ হাসান ও আবদুর রহিমের সাক্ষ্য ও জেরা হয়।
আদালতে সাক্ষ্য গ্রহণকালে গতকাল কাঠগড়ায় পড়ে যান প্রধান আসামি নূর হোসেন। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটলে আদালতের নির্দেশে পুলিশ তাঁকে কাঠগড়ায় টুলে বসায় এবং পানি খাওয়ায়।
পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, প্রচণ্ড গরমে নূর হোসেন অসুস্থবোধ করলেও সাক্ষ্য গ্রহণ ও জেরায় কোনো সমস্যা হয়নি। ওই সময় নূর হোসেন ঘামছিলেন। পরে জেলারকে তাঁর চিকিৎসার নির্দেশ দেন আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, নূর হোসেনের অসুস্থতা একটা নাটক।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়।
চার সহযোগীসহ নজরুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।