নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিমসহ সাতজন সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল সোমবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে এই সাক্ষীদের জেরা করা হয়। জেরা শেষে আদালত ১৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষী শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ কারাগারে আটক ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টায় শুনানি শুরুর পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনকে তিন ঘণ্টা জেরা করেন নূর হোসেন, তারেক সাঈদ ও এম এম রানার আইনজীবীরা। তারেক সাঈদ, এম এম রানাসহ সাতজন ও তিন প্রত্যক্ষদর্শীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন কে এম মহিউদ্দিন।
কে এম মহিউদ্দিনকে জেরার পর সাক্ষী মো. হোসেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, কনস্টেবল রমজান মৃধা, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাঁদের নিয়ে দুই মামলায় বাদীসহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, আদালত ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন আট সাক্ষীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। তাঁদের মধ্যে রয়েছেন আগে সাক্ষ্যদানকারী তিনজন ও নতুন পাঁচজন।
তারেক সাঈদের আইনজীবী মো. সুলতানুজ্জামান জানান, ‘আমরা সাক্ষীদের জেরা করেছি। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসামিদের যে জবানবন্দি রেকর্ড করেছিলেন তাতে যে ত্রুটি-বিচ্যুতি ছিল, আমরা সেগুলো আদালতে তুলে ধরেছি।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার হয়। এতে নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।