হাকিমের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মোস্তাকিনুর রহমানের বিরুদ্ধে আইনজীবীদের করা অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। জেলা জজ আদালত ভবনের একটি কক্ষে তদন্তকারী কর্মকর্তা হিসেবে রাজশাহীর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদ গত বৃহস্পতিবার ও বুধবার অভিযোগকারী আইনজীবীদের সাক্ষ্য গ্রহণ করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির ৭০ সদস্য মোস্তাকিনুরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত দুদিন ওই তদন্ত হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, মোস্তাকিনুর নিয়মিত আদালতে বসেন না। আপস-মীমাংসার মামলা ছাড়া প্রতিযোগিতামূলক মামলা পরিচালনা করেন না বললেই চলে। নিজ হাতে প্রায়ই আদেশ লেখেন। আদালতের পেশকার তাঁর টেবিল থেকে দিনান্তর ঘোষণা করেন। নতুন মামলা দায়ের হলে তিনি বাদীকে পরীক্ষা করেন না। জবানবন্দিও গ্রহণ করেন না। বরং তিন-চার দিন পর সেগুলোর আদেশ হয়। জামিন শুনানির আদেশ এজলাসেও দেন, আবার পরে খাস কামরাতেও দেন। ২০১৩ সালের ৩১ জুলাই কয়েকটি মামলায় (জিআর-৩২১/১৩, ধারা-৩৬৪, জিআর-২৫০/১৩, ধারা-৩৫৩/১৮৬/৫০৬, জিআর-৩৫৬/১৩, ধারা-৩০৭/৩৭৯) দুর্নীতির আশ্রয় নিয়ে জামিন দিয়েছেন। অন্যদিকে একই দিনে জিআর-৩৪৭/১৩ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩৭৯ দণ্ডবিধির আসামি শরিফুলকে জামিন না দিয়ে তিনি বিচারিক অদক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁর অনিয়মিত ও খেয়ালখুশিমতো এজলাসে বসা বিতর্কের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে মোস্তাকিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। তবে তদন্তে আমি এখন পর্যন্ত দোষী প্রমাণিত হইনি।’