হাকিমের সাক্ষ্য নিয়ে প্রশ্ন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী হাকিমের সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলে তা প্রত্যাহারের ব্যাপারে আসামিপক্ষের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।গতকাল সোমবার শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আসামিপক্ষের এ আবেদন নাকচ করেন। আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষ্য-জেরার কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন। তিনি গতকাল সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রোজউর রহমান ওই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলার বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে আসামিপক্ষ এ আবেদন করেছে।অবশ্য পরে আদালত গতকালের সাক্ষ্য-জেরা মুলতবি করে ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।গত রোববার ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ২১ আগস্টের ঘটনায় করা দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক দ্রব্য) সাক্ষ্য দেন। হাবুিবর রহমান ভূঁইয়া বর্তমানে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে আছেন। আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম আদালতকে বলেন, ওই হাকিমের কাছে মুফতি হান্নান বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলায় কোনো জবানবন্দি দেননি। কিন্তু দুটি মামলায়ই এই হাকিম রোববার সাক্ষ্য দিয়েছেন।