হাঙর নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুঁটকির জন্য গভীর সাগর থেকে ধরে আনা হয় দেড় মণ ওজনের এই হাঙরটি  ফাইল ছবি
শুঁটকির জন্য গভীর সাগর থেকে ধরে আনা হয় দেড় মণ ওজনের এই হাঙরটি ফাইল ছবি

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে হাঙর নিধন চলছেই। জেলার পাঁচ হাজারের বেশি মাছ ধরার ট্রলারের জালে প্রতিদিন আটকা পড়ে মারা পড়ছে হাজার হাজার ছোট-বড় হাঙর। এসব হাঙর শুঁটকি করে পাচার করা হচ্ছে মিয়ানমারে।
পরিবেশবাদীরা জানান, এতে সমুদ্রের পরিবেশ বিপন্ন হচ্ছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির হাঙর।
গত শুক্রবার সকাল আটটায় শহরের নুনিয়াছটা ফিশরিঘাটে গিয়ে দেখা গেছে, গভীর সমুদ্র থেকে মাছ ধরে আসা ৪০টির বেশি ট্রলার বাঁকখালী নদীতে অবস্থান করছে। এসব ট্রলারে ইলিশ, পোপা, কামিলা, রুপচাঁদা, গুইজ্যা মাছের পাশাপাশি বিপুল পরিমাণ হাঙরও রয়েছে। মাছের সঙ্গে বিক্রি হচ্ছে এসব হাঙর।
এফবি কামাল নামের একটি ট্রলারের জেলে মনির উল্লাহ (৪৫) বলেন, মাছ ধরার জাল ফেললেই ছোট-বড় অসংখ্য হাঙর জালে আটকা পড়ে এবং মারা যায়। মাছের সঙ্গে এসব হাঙর বিক্রির জন্য উপকূলে নিয়ে আসা হয়। অনেকে পরিকল্পিতভাবে বিশেষ জাল ও বড়শি দিয়ে দুই থেকে চার মণ ওজনের হাঙর ধরে মিয়ানমারে পাচার করছে।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন জানান, কয়েক প্রজাতির হাঙর মাছ হিসেবে শহরের রাখাইন সম্প্রদায়ের লোকজন খান। বাকি হাঙর শুঁটকি করে পার্বত্য বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। হাঙরের কান, পাখনা ও লেজ শুঁটকি করে পাচার করা হয় মিয়ানমারে। এরপর চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায়ও রপ্তানি হয়। হাঙরের এসব শুঁটকি দিয়ে যৌন উত্তেজক স্যুপ তৈরি হয় বলে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, শহরের নুনিয়াছটা, ফিশারিঘাট, মগচিতাপাড়া, নাজিরারটেক, ফদনারডেইল, মহেশখালী, খুরুশকূল, চৌফলদণ্ডী, টেকনাফ, সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে হাজারো হাঙর রোদে শুকিয়ে শুঁটকি করা হচ্ছে। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম বলেন, ‘গভীর সাগরে মা চিংড়ি ধরার ট্রলিং জাল ও উপকূলের হাজারো ফাঁদ জালে আটকা পড়ে ডিম পাড়তে আসা মা কচ্ছপের মৃত্যু যেমন হচ্ছে, তেমনি ২০০ গ্রাম থেকে তিন মণ ওজনের অসংখ্য হাঙরও ধরা পড়ছে। ঝাটকা ইলিশের মতো আইন করে হাঙর নিধন বন্ধ করা জরুরি।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, সামুদ্রিক মাছের ডিম থেকে লক্ষ কোটি পোনা হলেও হাঙর ব্যতিক্রম। ১০ থেকে ১২ বছরে হাঙর পরিপক্ব হয় এবং দুই থেকে ১৬টি বাচ্চা দেয়। এ কারণে হাঙরের সংখ্যা দ্রুত বাড়ে না। কিন্তু মাছ ধরার ছয়-সাত হাজার ট্রলারের জালে আটকা পড়ে হাঙর বিলুপ্ত হচ্ছে। যা পরিবেশ প্রতিবেশের জন্যও মারাত্মক ক্ষতি।
এদিকে গত ৩০ জানুয়ারি শহরের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তিকেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বঙ্গোপসাগরে বিচরণরত হাঙর নিধন বন্ধে নীতিমালা তৈরির তাগিদ দিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‘সাপোর্ট টু বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম’ প্রকল্পের উদ্যোগে দেশের উপকূলীয় ও সামুদ্রিক জলসীমার হাঙর সংরক্ষণ ব্যবস্থাপনার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।
সভায় হাঙর নিধনের ফলে পরিবেশ প্রতিবেশের বিরূপ প্রভাব ও ক্ষতিকর দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক এ কে ইউসুফ হারুন।
এ কে ইউসুফ হারুন জানান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তাদের জাতীয় কর্মপরিকল্পনা জমা দিয়েছে। মিয়ানমার, মালদ্বীপ ও থাইল্যান্ড কর্মপরিকল্পনা তৈরি করেছে। আর এখনো কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এসব সমন্বিত করে একটি আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রণয়নের চেষ্টা চলছে। অন্যথায় হাঙর রক্ষা করা সম্ভব হবে না।