হাঙর যখন বিশ্রাম নেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাস-প্রশ্বাস চালু রাখার জন্যই সারাক্ষণ চলাফেরার মধ্যে থাকে হাঙর। তাই প্রাণীটি কীভাবে ঘুমায় বা বিশ্রাম নেয়, তা বোঝা কঠিন। বিষয়টি এত দিন পর্যন্ত প্রাণিবিজ্ঞানীদের একেবারে অজানা ছিল। তবে অত্যাধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি বা রোবোটিকস এবং সাগরতলে স্থাপিত ক্যামেরার সুবাদে এবার তাঁরা হাঙরের বিশ্রামের ধরন সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন।

গ্রেট হোয়াইট শার্ক নামে খ্যাত সুবিশাল হাঙরের বিশ্রামরত ছবি এই প্রথম ক্যামেরায় ধারণ করা হয়েছে। মেক্সিকোর বাহা উপদ্বীপের পশ্চিমে গুয়াদালুপে এলাকায় একটি স্ত্রী হাঙরকে অনুসরণ করে ডিসকভারি চ্যানেলের ক্যামেরা।ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সূর্যাস্তের পর প্রাণীটির গতিবিধি পাল্টাতে শুরু করে। অন্ধকার নামলে এটি সৈকতের কাছাকাছি চলে যায়। 

দিনের আলো যখন থাকে, হাঙরেরা গভীর পানিতে ঘুরে বেড়ায় শিকারের খোঁজে। কিন্তু রাতে এরা তীরের কাছাকাছি অগভীর সাগরে বিচরণ করে। রাত সাড়ে আটটার দৃশ্যে গবেষকেরা দেখতে পান, হাঙরটির চোয়াল খুলতে শুরু করে। তখন এটি ‘একধরনের ঝিমুনির’ মধ্যে চলে যায়। তবে পানিতে চলাচল একেবারে বন্ধ করে দেয় না, বরং কিছুটা ধীরে ধীরে চলে। কারণ, পুরোপুরি নিশ্চল হয়ে গেলে প্লবতা হারিয়ে হাঙরটি তলিয়ে যাবে এবং এর শ্বাস-প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে।

গ্রেট হোয়াইট শার্ক নামে পরিচিত সুবিশাল প্রাণীটি ৬ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা উষ্ণ সাগরের বাসিন্দা। পিঠের রং বাদামি বা ধূসর। শরীরের নিচের অংশ সাদা। আর আছে বড় বড় ত্রিকোণ দাঁত। ২০১৫ সালে প্রশান্ত মহাসাগরের গুয়াদালুপে দ্বীপে আরেকটি দীর্ঘ গ্রেট হোয়াইট শার্কের ভিডিও ধারণ করেন জীববিজ্ঞানী মরিসিও হোয়োস পাদিলা। ২০ ফুট লম্বা প্রাণীটি সম্ভবত তখন অন্তঃসত্ত্বা ছিল।