হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডাবের আমন্ত্রণে বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬-তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আগামী রোববার সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী রোববার সকাল নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁর অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
হাঙ্গেরির মিনিস্টার অব স্টেট ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইস্টভান মিকোলা, হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরিয়ান রাষ্ট্রদূত গিউলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সফরকালে প্রধানমন্ত্রী বুদাপেস্টে ফোর সিজনস হোটেল গ্রিসহাম প্যালেসে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী দুই দিন বুদাপেস্ট ওয়াটার সামিটের (বিডব্লিউএস-২৯১৬) উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার বক্তব্য দেবেন।
শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেবেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেবেন।
হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা সাসটেইনেবল ওয়াটার সলিউশন এক্সপো পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ সময় কসুদ স্কয়ারে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদর্শন করা হবে। বৈঠকের পরে বেশ কয়েকটি চুক্তি সই হবে। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও হাঙ্গেরি চারটি সমঝোতা চুক্তি সই হবে।
মাহমুদ আলী বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা, পানি ও কৃষি ব্যবস্থাপনায় সহযোগিতা বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হবে। একটি সমঝোতা স্মারকে সই করবে এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডাবের সঙ্গে সানদর প্রেসিডেনশিয়াল প্রাসাদে বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং আশা করা হচ্ছে রাত সাড়ে ১১টায় দেশে পৌঁছাবেন।