হাছান মাহমুদকে আইনি নোটিশ তারেক রহমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাংসদ হাছান মাহমুদের বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কয়েক বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল গতকাল বৃহস্পতিবার কুরিয়ার সার্ভিস ও রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।
নোটিশে আমাদের সময় পত্রিকার প্রকাশিত খবর উদ্ধৃত করে তারেক রহমান ও তাঁর ভাই আরাফাত রহমান কোকোর নামে সুইস ব্যাংকে টাকা থাকা নিয়ে হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে। অন্যথায় হাছান মাহমুদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ১ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর টাকা সুইস ব্যাংকে আছে বলে মন্তব্য করেন সাংসদ হাছান মাহমুদ। এর পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদের নাখালপাড়া এমপি হোস্টেলের ঠিকানায় ওই নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন নোটিশ পাঠানোর বিষয়টি জানিয়ে আইনজীবী কায়সার কামাল বলেন, জিয়া পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন হাছান মাহমুদ। সুইস ব্যাংকে তারেক রহমান, কোকোসহ তাঁদের পরিবারের কোনো সদস্যের নামে কোনো হিসাব নেই দাবি করে কায়সার কামাল বলেন, তারেক রহমানের সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার জন্য এ অবাস্তব কথা বলা হয়েছে।