হাজত থেকে দুই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশের বিরুদ্ধে হাজত থেকে গত বুধবার রাতে দুই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই আসামি বের হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আমজাদ ও আলমগীরসহ কয়েকজন গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়া ডাকবাংলো-সংলগ্ন আমিন হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে তাঁরা বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করেন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ ঘটনায় তাঁর মেয়ে সুমি আক্তার, মা সাহারা খাতুন ও স্ত্রী দিলরুবা আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় বুধবার সকালে আমিনের মেয়ে আফরিনা আক্তার বাদী হয়ে আমজাদ হোসেন ও আলমগীর হোসেনসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা করার সময় আমজাদ ও তাঁর ভাই আলমগীর তাঁকে বাধা দেন। পরে পুলিশ তাঁদের হাজতে আটকে রাখে।আফরিনা আক্তার বলেন, ‘আমাকে না জানিয়েই মামলার আসামিদের বুধবার রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ওই রাত থেকেই থানা পুলিশ ও প্রভাবশালী একটি মহল মামলা আপস মীমাংসার জন্য চাপ দেয়। বৃহস্পতিবার সকালে ওই দুই আসামি আমার বাড়িতে এসে মামলা তুলে নিতে হুমকি দেন।’ তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে জোরপূর্বক মামলাটি তুলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে আপস না করলে পাল্টা মামলা দিয়ে তাঁদের ফাঁসানোর হুমকি দেওয়া হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বুধবার মধ্যরাতে থানাহাজতে আসামিদের মধ্যে আমজাদ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁর ভাই আলমগীরও ভেঙে পড়েন। তখন হাসপাতাল থেকে একজনের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। ওসি বলেন, মুক্তির পর বাদীকে হুমকি দেওয়ার সত্যতা পাওয়া যায়নি।কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফ হোসেন জানান, ওই দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি।