হাজত থেকে দুই আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাহাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত ও একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের কনস্টেবলের নাম নূর মোহামঞ্চদ ও প্রত্যাহার হওয়া এএসআইয়ের নাম শ্যামাপদ পাল।পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রতনুজ্জামান জানান, গত বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহসড়কের শাকদহ সেতুর কাছ থেকে তিন বোতল বিদেশি মদসহ মাদক বিক্রেতা বাগেরহাটের মংলা উপজেলার কানাইঘর গুচ্ছগ্রামের ইনাম হাওলাদার ও একই উপজেলার কালিয়াবাড়ি গ্রামের গণি হাওলাদারকে তিনি গ্রেপ্তার করেন। পরে তাঁদের থানাহাজতে রাখা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন।এসআই আরও জানান, নূর মোহামঞ্চদ ওই দিন কর্তব্যরত কর্মকর্তা এএসআই শ্যামাপদ রায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে আসরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফিরে এসে তিনি দেখতে পান, ওই দুই আসামি হাজতে নেই। তিনি সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তালা খুলে তাঁরা দেখতে পান, হাজতখানার বাতাস চলাচলের পথ (ভেন্টিলেটর) ও দেয়ালের একাংশ ভাঙা।