হাজত থেকে দুই আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় আদালতের হাজত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই আসামি পালিয়েছেন। আসামিরা হলেন ভারতের বান্দ্রা এলাকার হরেশ মারাক (৩০) ও কামারকিল এলাকার খারাক মারাক (৩০)।পলাতক দুই আসামিকে ধরিয়ে দিতে সহযোগিতা চেয়ে গতকাল রাতেই থানার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের উদ্দেশে মাইকে প্রচারণা চালানো হয়েছে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. বায়েছ আলমের ভাষ্য অনুযায়ী, উপজেলার মহিষখলা বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সামনে থেকে গত ৩০ মে ভারতের ওই দুই নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মধ্যনগর থানায় দুটি মামলা হয়। গতকাল ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অবৈধ অনুপ্রবেশের মামলার সাক্ষীর দিন ধার্য ছিল। সোমবার রাতে জেলা কারাগার থেকে পুলিশি প্রহরায় আসামিদের এখানে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শেষে রাতের লঞ্চে তাঁদের সুনামগঞ্জ ফেরার কথা। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে আদালতের হাজতখানার পূর্ব দিকের জানালার রড ভেঙে ও শরীর থেকে ডাণ্ডাবেড়ি খুলে তাঁরা পালিয়ে যান। তাঁদেরকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের জিআরও মো.আবদুল মোতালেব রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, পুলিশি প্রহরায় থাকা অবস্থায় ওই দুজন আসামি আদালতের হাজত থেকে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।