হাজত থেকে পালাল আসামি তিন পুলিশ বরখাস্ত
বগুড়ায় আদালতের হাজত থেকে গতকাল বুধবার দুপুরে স্ত্রী হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে হাজতে দায়িত্বরত পুলিশের তিনজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন, হাবিলদার মোহামঞ্চদ আলী, কনস্টেবল আক্কাস আলী ও বেলাল হোসেন। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মার্চ ভোরে নিজ বাড়ির শোবার ঘরে ফজলার রহমান (৪৫) তাঁর স্ত্রী শাহানারা খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ আছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ গত বছরের ১৬ মার্চ ফজলার রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গতকাল বুধবার এই মামলায় আদালতে অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। এ কারণে বগুড়া জেলা কারাগার থেকে ফজলার রহমানকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অন্যান্য হাজতি এবং পুলিশের সামনে থেকে ফজলার রহমান কৌশলে আদালতের হাজতখানা থেকে বের হয়ে দৌড়ে পাশের সার্কিট হাউসের সীমানাপ্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে বগুড়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আদালতের চত্বরে ছুটে যান। এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই হাজতিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।