হাজতবাসের পর ভারত থেকে ফিরলেন ১৪ জেলে
ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে প্রায় ছয় মাস হাজতবাসের পর দেশে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ও চরদুয়ানীর নয় জেলে। গত মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পাথরঘাটার নয়জন ও সাতক্ষীরা জেলার পাঁচজনসহ ১৪ জেলেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। বেনাপোলে পৌঁছে দেশে ফেরার বিষয়টি স্বজনদের মুঠোফোনে জানান ওই জেলেরা। নিখোঁজ জেলে পরিবারের স্বজনেরা জানান, গত বছরের ১০ অক্টোবর আকস্মিক সামুদ্রিক ঝড়ে দিক হারিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের আবুল কালামের মালিকানাধীন এফবি মুক্তা নামের একটি ট্রলারসহ পাথরঘাটার নয় জেলে ভারতীয় সমুদ্রসীমানায় চলে গেলে ভারতীয় কোস্টগার্ড তাঁদের আটক করে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের আলীপুর কারাগারে পাঠানো হয়।ফিরে আসা জেলে আবুল কালামের ভাই মো. আলম চৌকিদার জানান, সকালে আবুল কালাম মুঠোফোনে তাঁকে বলেন, ‘আমরা মরি নাই, এত দিন ভারতের জেলে বন্দী ছিলাম। আইজ আমাগো নয়জনরে বিএসএফ সদস্যরা বেনাপোলে ছাইড়্যা দিয়া গ্যাছে।’ বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফিরে আসা জেলেরা সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়ার খবরটি তাঁরা জানতেন। তবে ভারতের কোন কারাগারে, কীভাবে ওই জেলেরা আছেন, সে খবর স্বজনদের কাছেও ছিল না।