হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহন বেপারী মোল্লা (৫৮) নামের এক ব্যক্তি। চলমান অবরোধে পুলিশের অভিযানে মোহন ধরা পড়েছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত রোববার পুলিশের বিশেষ অভিযানে মোহনকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড থেকে আটক করেন থানার উপপরিদর্শক মাসুদ মিয়া। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে গত বুধবার তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, ডায়রিয়াজনিত কারণে মোহনকে হাসপাতালে ভর্তি করানো হয়।