হাজতে হামিদুলরা রাস্তায় সখিনারা
হামিদুল শেখ (৩৫) রিকশা চালান, রাজনীতি করেন না। কোনো থানায় তাঁর বিরুদ্ধে মামলা কিংবা অভিযোগও নেই। তবু গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পল্লবী থানার পুলিশ। গতকাল রোববার ভোর থেকে তাঁর স্ত্রী কোলের সন্তান নিয়ে অপেক্ষায় ছিলেন থানার সামনে। রোববার সকালে পল্লবী থানার সামনে দেখা মেলে হামিদুলের স্ত্রী সখিনা বেগমের। কান্না আর বিলাপ করছিলেন তিনি। মায়ের চোখের পানি দেখে কোলের সন্তান সাহিম ইসলাম (৫) ‘বাবা’ ‘বাবা’ বলে কাঁদছিল। সখিনা বলছিলেন, ‘এই পোলা নিয়া এহন না খাইয়ে থাকতে অইবো।’ শুধু সখিনাই নন। রাজধানীর থানাগুলোর সামনে গতকাল ভিড় করেন ‘সন্দেহ’বশত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বজনেরা। থানা-পুলিশ, আদালত আর আইনের বিষয়গুলো তাঁদের অনেকেই ভালো করে বোঝেন না। আজ সোমবার বিএনপির নেতৃত্বাধীন চার দলের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি এবং মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় চলছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে রাজধানীর ৪১ থানায় ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বেশির ভাগই রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের। ডিএমপির অধ্যাদেশে (মহানগর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা) ১৫৪ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (ধর্তব্য অপরাধে জড়িত থাকার সন্দেহ) ১৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে বিএনপির দাবি, পুলিশ বিএনপির ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আমাদের আদালত প্রতিবেদক জানান, গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন থানার পুলিশ ৫৪ ধারায় ১৩৭ জন ও শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন ধারায় ১৩৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে পুলিশ ও র্যাব রাজধানীর দুই শতাধিক স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহনে ব্যাপক তল্লাশি শুরু করে। সেখান থেকে সন্দেহভাজনদের আটক করে। একই সঙ্গে র্যাব ও পুলিশ রাতভর বস্তিসহ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, মহাসমাবেশের জন্য রিকশাচালক ও নিম্ন আয়ের লোকজনকে যাতে কেউ ভাড়া করতে না পারে, এ জন্য বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলা না থাকায় ডিএমপির অধ্যাদেশ ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। পল্লবী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন খলিফা প্রথম আলোকে বলেন, শনিবার রাতে র্যাব ও পুলিশ পল্লবীতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে। র্যাবের হাতে আটক ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনকে ডিএমপির অধ্যাদেশ ও তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।থানার একজন পুলিশ সদস্য জানান, আটক ১৩ জনকে স্থানীয় সাংসদের অনুরোধে থানার ওসি ছেড়ে দিয়েছেন। মিরপুর থানার সামনে কথা হয় কাফরুলের বাসিন্দা বৃদ্ধ রফিক বাদশার সঙ্গে। তিনি বলেন, শনিবার রাতে মিরপুর থানার পুলিশ তাঁর ছেলে জীবনকে (২৩) গ্রেপ্তার করে। অনেক খোঁজাখুঁজির পর তিনি মিরপুর থানায় এসে জেনেছেন, তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছে। থানার পুলিশের কাছে আকুতি করলেও তারা তাঁর ছেলেকে ছেড়ে দেয়নি। তাঁর ছেলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি রাজনীতিও করেন না। রফিক বাদশা বলেন, ‘আমি মূর্খ সূর্খ মানুষ। থানা-আদালত বুঝি না। হাতে টেকাকড়ি নাই। কি দিয়া পোলা ছাড়াইয়া আনমু।’ জীবনকেও ডিএমপির অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়।