হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে গত মার্চ মাসে ১২ কনটেইনার মদ, সিগারেট ও টিভি আটকের ঘটনায় প্রায় ১০০০ কোটি টাকার মানি লন্ডারিং-সংক্রান্ত ফৌজদারি মামলা করা হয়েছে। আজ সোমবার রাজধানীর পল্টন মডেল থানায় এজাহার দায়ের করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিজয় কুমার রায়।

অস্তিত্বহীন দুটি প্রতিষ্ঠানের নামে আমদানিনিষিদ্ধ বিপুল পরিমাণ মদ, সিগারেট ও টিভি আটকের ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী মামলা করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গত মার্চ মাসের ৫ ও ৬ তারিখে চট্টগ্রাম বন্দরে আমদানিনিষিদ্ধ সিগারেট ও মদ এবং অবৈধভাবে আনা টেলিভিশন ভর্তি ১২টি কনটেইনার জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এসব কনটেইনারে ১৬ হাজার ১৭০ বোতল মদ, ৩ কোটি ৮৪ লাখ শলাকা সিগারেট, চার হাজার ৭৪টি এলইডি টেলিভিশন ও ২৮১টি আমদানিনিষিদ্ধ পুরোনো ফটোকপি মেশিন পাওয়া যায়। ১২টি কনটেইনারে আনা এসব পণ্যের মূল্য কাগজপত্রে ছিল ৫০ লাখ টাকা। কিন্তু আটক পণ্যের প্রকৃত বাজারমূল্য প্রায় ১৩৪ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়, পোলট্রি ফিডের মূলধনি যন্ত্রপাতি আমদানির ঘোষণা দিয়ে এই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়। কিন্তু কনটেইনার খুলে কোনোটিতেই ঘোষিত পোলট্রি পণ্য পাওয়া যায়নি। হিনান আনহুই এগ্রো এলসি ও এগ্রো বিডি অ্যান্ড জেপি নামের দুটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পণ্য আনেন আমদানিকারক ‘খোরশেদ আলম’। ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণায় চীন থেকে আনা চালান দুটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান রাবেয়া অ্যান্ড সন্স।

শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে জানা যায়, বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিতেই এভাবে মিথ্যা ঘোষণায় এই চালান আনা হয়েছিল। আসামি আবদুল মোতালেব তাঁর নিজের নাম ও পরিচয় গোপন করে খোরশেদ আলমের নাম ও ছবি ব্যবহার করে মূল্য সংযোজন কর নিবন্ধন করেন।

চালান আটকের পর থেকেই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক পলাতক রয়েছেন।