দেশের পাঁচটি জেলার হাওর এলাকার উন্নয়নে প্রায় এক হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পের কাজ শুরু হবে আগামী জানুয়ারি মাস থেকে। সাত বছরমেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর এলাকায় কাজ হবে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি টাকা। এর মধ্যে ৭০ শতাংশ টাকা দেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এবং স্পেনিশ ট্রাস্ট ফান্ড। বাকি ৩০ শতাংশ টাকা দেবে বাংলাদেশ সরকার। গত ১৮ জুলাই এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আইএফএডির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের লোকবল নিয়োগ সম্পন্ন করে জানুয়ারি মাস থেকে কাজ শুরু করতে হবে। এ প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের হাওর এলাকায় ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনুন্নত যোগাযোগব্যবস্থা হাওর এলাকার একটি বড় সমস্যা। এ কারণে এখানকার মানুষ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। ওই প্রকল্পের মাধ্যমে হাওর এলাকায় প্রায় দেড় হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। একইভাবে নির্মাণ করা হবে সেতু, কালভার্ট ও নদীর ঘাট। হাওরের অনেক এলাকায় হাটবাজার নেই। এ প্রকল্পের আওতায় হাওর এলাকার প্রত্যন্ত জনপদে ২২০টি গ্রামীণ বাজার গড়ে তোলা হবে। ভরাট হয়ে যাওয়া খাল-বিল খনন এবং হাওর এলাকার গ্রামগুলোকে ঢেউয়ের কবল থেকে রক্ষায় গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে। এ বিষয়ে সুনামগঞ্জে ‘হাওরবাসীর রক্ষায় নাগরিক উদ্যোগ’-এর আহ্বায়ক নির্মল ভট্টাচার্য বলেন, ‘হাওর এলাকায় যেকোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে তার সঙ্গে স্থানীয় সরকারের প্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা থাকা উচিত। আমরা অতীতে দেখেছি কেন্দ্র থেকে যেসব প্রকল্প নেওয়া হয়, সেগুলোর সঙ্গে স্থানীয় মানুষের সম্পৃক্ততা থাকে না। এতে করে প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয় এবং যাদের জন্য প্রকল্প তারা সুফল থেকে বঞ্চিত হয়।’ হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন শীর্ষক প্রকল্পের উপপরিচালক প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘এটি বড় প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর এলাকার মানুষের জীবনমানে বিরাট পরিবর্তন আসবে, উন্নয়ন ঘটবে।’ তিনি আরও বলেন, ‘প্রকল্পের লোকবল নিয়োগের কাজ চলছে। আশা করি, জানুয়ারি মাস থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু হবে।’