হাজার গজের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে আছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের l প্রথম আলো
হাতিরঝিল সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে আছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের l প্রথম আলো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে কুনিপাড়া হ্যাপি হোমস হয়ে হাতিরঝিল পর্যন্ত অপ্রশস্ত সড়কটির কোথাও পিচের আস্তরণ নেই। একে অতিরিক্ত যানবাহনের চাপ, তার ওপর মাঝেমধ্যেই খোঁড়াখুঁড়ি ও সংস্কারের অভাবে এক হাজার গজের এই সড়কটি ভোগান্তির উৎসে পরিণত হয়েছে। সেই সঙ্গে এই ব্যস্ত সড়কটিতে তৈরি হওয়া ছোট-বড় গর্তগুলোর কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এই অবস্থায় যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রী ও এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, মূলত হাতিরঝিল প্রকল্প চালু হওয়ার পর থেকে সড়কটিতে যানবাহনের চলাচল বেড়ে যায়। যানজট এড়িয়ে ফার্মগেট থেকে সাতরাস্তা-বেগুনবাড়ি হয়ে গুলশানে যাওয়ার জন্য বেশির ভাগ লোক বিকল্প হিসেবে সড়কটি ব্যবহার করা শুরু করেন। এ ছাড়া বিজয় সরণির উড়ালসড়কটি পার হয়ে লাভ রোড ধরে গুলশানে যাওয়ার জন্যও এটি অনেকের পছন্দের রুট। এতে এই সড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে সংযোগ সড়কটি অনেক নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওয়াসার উন্নয়নকাজসহ বিভিন্ন কারণে খোঁড়াখুঁড়ির পর যথাযথ সংস্কারের অভাবেই সড়কের এই দুর্গতি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে হ্যাপি হোমসের ফটক পর্যন্ত সড়কটি ৪০ ফুটের মতো চওড়া। এরপর দুই পাশের বাড়িঘরের কারণে সড়কটি ২০ ফুটে নেমে এসেছে। সড়কের এই অংশটির অবস্থা সবচেয়ে বেশি খারাপ এবং অল্প দূরত্বের ব্যবধানে পরপর দুটি বাঁকের কারণে তা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। বাঁক দুটি পেরিয়ে হাতিরঝিলে ওঠার আগ পর্যন্ত সড়কটি খানিকটা প্রশস্ত হলেও ছোট-বড় গর্তের কারণে সেখানে স্বাভাবিকভাবে চলাচলের উপায় নেই।
হ্যাপি হোমসের স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কটিতে যানবাহনের যে চাপ, তাতে করে নিয়মিত সংস্কারের মধ্যে না রাখলে এর স্থায়ী কোনো সমাধান সম্ভব না। আর এলাকাবাসীর ভোগান্তি তো অন্যদের থেকে অনেক বেশি।’
এই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুহিন হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গত সপ্তাহে গর্তে পড়ে আমার গাড়িটির চাকা বসে যায়। এ অবস্থায় পেছনের আরেকটি গাড়ির ধাক্কায় গাড়ির পেছনের অংশে বেশ ক্ষতি হয়।’
ব্যবসায়ী মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা যাঁরা রিকশায় চড়ি, তাঁদের বিপদ আরও বেশি। গর্তগুলোর জন্য সারাক্ষণই মনে হয়, এই বোধ হয় রিকশা উল্টে পড়ল।’
এই অবস্থায় সমস্যার একটি স্থায়ী সমাধান চান এলাকাবাসী এবং এই পথে চলাচলকারী নিয়মিত যাত্রীরা। তাঁদের মতে, স্বল্প পরিসরে অতিরিক্ত যানবাহনের চাপ ও জলাবদ্ধতার কারণে সড়কটি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তাই এটি উঁচু করে এর ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং নিয়মিত সংস্কারের আওতায় না রেখে এর স্থায়ী কোনো সমাধান সম্ভব নয়।