টলটলে স্বচ্ছ পানির বিশাল দিঘি। আয়তন প্রায় তিন একর। চট্টগ্রাম শহরের হালিশহরে এত বড় দিঘি আর নেই। এই দিঘির দক্ষিণ পাশে পানিতে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাটের পর টিনের ঘর তোলা হয়েছে। আবার দিঘির উত্তর পাশ ভরাট করে গড়ে তোলা হয়েছে আধা পাকা ভবন। হাজার দিঘি নামে পরিচিত হালিশহরের মধ্য রামপুর এলাকার এই দিঘির কিছু অংশ চার মাস ধরে নতুন করে ভরাট করা হচ্ছে। ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরসহ সরকারি কোনো সংস্থা ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
দিঘিটি মধ্য রামপুরের আবদুল হাকিম মিয়া ওয়াক্ফ এস্টেটের মালিকানাধীন। এই ওয়াক্ফ এস্টেটের বর্তমান মোতোয়ালি রফিক মিয়া। তিনি বয়োবৃদ্ধ হওয়ায় তাঁর ছেলেরা এস্টেট দেখাশোনা করেন। একই এস্টেটের অধীনে পাশাপাশি দুটি দিঘি। আগে দুটি মিলে একটি ছিল। ২৫-৩০ বছর আগে মাঝখানে বাঁধ দিয়ে দুই ভাগ করা হয়। দুটিই হাজার দিঘি নামে পরিচিত।
খাল, দিঘি, পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট ও বেদখল হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে—এমন কথা কয়েক বছর ধরেই বলে আসছেন নগর পরিকল্পনাবিদেরা। নগরের যেসব এলাকায় জলাবদ্ধতা হয় তার মধ্যে হালিশহর অন্যতম। এই এলাকার দিঘি ভরাট বন্ধে সিটি করপোরেশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের রামপুর ওয়ার্ডের কাউন্সিলর এস এম এরশাদুল্লাহ বলেন, ‘দিঘিটি দীর্ঘদিন ধরে ভরাট করা হচ্ছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এখন আবার ভরাট করে উত্তর দিকে একটি ঘর নির্মাণ করা হয়েছে। এত বড় জলাশয় হালিশহরে আর নেই। এটি ভরাট না করার জন্য আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁরা (ওয়াক্ফ এস্টেটের দেখভালকারীরা) শোনেননি।’
এর আগে ২০১৫ সালের ২১ জুন ‘হাজার দিঘি ভরাট চলছেই’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই দিঘি ভরাট বন্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৫ সালের জুন মাসে উচ্চ আদালতে একটি রিট করে বলে জানান সমিতির গবেষণা কর্মকর্তা মো. হাসান। তিনি বলেন, দিঘি ভরাট বন্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আবার দিঘি ভরাট শুরু হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দিঘিটির উত্তর পাশে ২০ শতক জায়গা ভরাট করে আধা পাকা ভবন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ভবনের দেয়াল ও মেঝের কাজ শেষ হয়েছে। এ ছাড়া দিঘির দক্ষিণ পাশের কিছু অংশ ভরাট করে কয়েকটি ঘর ও দোকান তোলা হয়েছে। এসব স্থাপনা টিন ও বেড়ার।
মো. আকবর নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, এই দিঘিতে স্থানীয় লোকজন গোসল করেন। অনেকে দিঘির পানি গৃহস্থালির কাজে ব্যবহার করেন। এখানে ওয়াসার পানি সংযোগ থাকলেও নিয়মিত পানি পাওয়া যায় না। দিঘিটি আশপাশের মানুষের ধোয়ামোছার প্রয়োজন মেটায়।
দিঘি ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষে গত ৮ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন করা হয়। এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন মো. মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, প্রায় ২০০ বছরের পুরোনো এই দিঘি। হাজারো মানুষ এই দিঘির পানি ব্যবহার করে। অগ্নিকাণ্ডের সময় এই দিঘি থেকে পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, এভাবে জলাশয় ভরাট করা বেআইনি। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর শক্ত পদক্ষেপ নিতে পারে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে দিঘিতে যে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, তা করছেন ইকবাল শফি নামের একজন। তিনি ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি রফিক মিয়ার ভাইয়ের ছেলে। দিঘি ভরাট ও স্থাপনা নির্মাণের কাজ তদারক করছেন মো. জহিরুল ইসলাম ও মো. ইলিয়াস নামে স্থানীয় দুই ব্যক্তি।
জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘দিঘি ভরাটের বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে ইকবাল সাহেব জানেন।’ ইলিয়াসও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে ইকবাল শফির সঙ্গে কথা বলতে বলেন।
যোগাযোগের চেষ্টা করেও ইকবাল শফির বক্তব্য পাওয়া যায়নি। তবে দিঘি ভরাটের বিষয়টি অস্বীকার করেন মোতোয়ালি রফিক মিয়ার ছেলে সেলিম মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ভরাট করছি না। এখানে যা স্থাপনা রয়েছে তা আগে থেকেই ছিল।’
দিঘি ভরাটের বিষয়ে ২০১৫ সালের ২১ এপ্রিল পরিবেশ অধিদপ্তর মামলা করেছিল। মামলায় ওয়াক্ফ এস্টেটের ওয়ারিশ ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন আবু তাহের মিয়া, আবু তালেব মিয়া, শামীম মিয়া, সেলিম মিয়া, আসিফ মিয়া ও আবু সুফিয়ান। এর মধ্যে আবু সুফিয়ান ছাড়া অন্যরা মোতোয়ালি রফিক মিয়ার ছেলে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, দিঘিটি ভরাটের মামলাটি এখন বিচারাধীন রয়েছে। নতুন করে ভরাট করার বিষয়টি জানা নেই। যদি করে থাকে, তাহলে আবার ব্যবস্থা নিতে হবে।