হাজার বছরের পুরোনো সূর্যমূর্তি মিলল পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার পাঁচপাইকা এলাকায় পুকুর খননকালে গত বুধবার সন্ধ্যায় খননকারী শ্রমিকেরা কষ্টিপাথরের একটি সূর্যমূর্তি পেয়েছেন। ধারণা করা হচ্ছে, মূর্তিটি হাজার বছরের পুরোনো। এটির ওজন প্রায় ১২০ কেজি।
জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুর খননকালে মাটির নিচে শ্রমিকেরা মূর্তিটির সন্ধান পান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, ‘স্থানীয় লোকজনের দাবি, উয়ারী-বটেশ্বর এলাকায় যে গঙ্গারিদ্ধি জাদুঘর হচ্ছে, সেখানে যেন মূর্তিটি রাখা হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান বলেন, তিনি প্রত্নতাত্ত্বিক গবেষণাকেন্দ্র ঐতিহ্য অন্বেষণের উপপরিচালক সারমিন রেজওয়ানাকে নিয়ে ইউএনওর কার্যালয়ে মূর্তিটি দেখতে যান। পরে এটিকে ‘সূর্যমূর্তি’ বলে নিশ্চিত করেন সারমিন। ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রায় ১ হাজার থেকে ১২০০ বছর আগের। এটি কষ্টিপাথরের তৈরি।