হাজার মাইল দূরের বন্ধু
জার্মানির নুরেমবার্গ শহরে বসে প্রথম আলো পড়ে জেনেছিলেন দীঘিনালার একটি বিদ্যালয়ের সংকটের কথা। ভাবছিলেন, কখনো দেশে গেলে সাহায্য করবেন বিদ্যালয়টিকে। গত বছর দেশে ফিরেই এলেন দীঘিনালায়। বিদ্যালয়ের শিক্ষকদের এক বছরের বেতনের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী আয়ের উৎস হিসেবে দিয়ে গেলেন ছয়টি সেলাই যন্ত্র।
শিক্ষার প্রতি এমন ভালোবাসা দেখিয়ে নজির স্থাপন করলেন এক সময়কার পুরান ঢাকার বাসিন্দা জার্মানপ্রবাসী সৈয়দ শাকিল। খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল এলাকার নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি এখন তাঁর অনুদানেই চলছে।
নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম এই তিন শ্রেণীতে এখন পড়ছে ৫০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ছয়জন।
২০১১ সালের আগে খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল এলাকায় কোনো নিম্নমাধ্যমিক বিদ্যালয় ছিল না। দুর্গম গ্রামের শিক্ষার্থীদের আট থেকে দশ কিলোমিটার দূরে উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হতো। ২০১১ সালের ৭ আগস্ট প্রথম আলোয় ‘একটি স্কুলের জন্য এত কষ্ট’! শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে দীঘিনালা সেনাজোন নয়মাইল এলাকায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করে দেয়। ২০১২ সালের ৩১ জানুয়ারি নতুন প্রতিষ্ঠিত নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। কিন্তু এলাকার দরিদ্র আদিবাসীদের পক্ষে শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছিল না। প্রথম আলোর প্রতিবেদন দেখে বিদ্যালয়টির সাহায্যে এগিয়ে এলেন জার্মানপ্রবাসী সৈয়দ শাকিল। তিনি গত বছরের আগস্ট মাসে দীঘিনালার নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয় দেখতে আসেন। এই সময় বিদ্যালয়ের আয়ের জন্য ছয়টি সেলাই যন্ত্র দান করেন। ডিসেম্বর মাসে আবারও আসেন তিনি। এবার দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার হাতে তুলে দেন নয়মাইল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এক বছরের বেতন—নগদ এক লাখ টাকা।
নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গেলে কথা হয়, শিক্ষক ও শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে। বিদ্যালয়ের শিক্ষক নয়ন মনি ত্রিপুরা ও শর্মিলা চাকমা বলেন, ‘সৈয়দ শাকিল আমাদের বিদ্যালয়ের ছয়জন শিক্ষক-শিক্ষিকার এক বছরের বেতন দিয়েছেন। বিদ্যালয়ের আয়ের জন্য ছয়টি সেলাই যন্ত্র কিনে দিয়েছেন। আরও সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এমন মানুষ সমাজে বিরল। তাঁর কারণে এলাকাটি আলোকিত হয়ে উঠবে।’ কেবল দীঘিনালার এই বিদ্যালয়টি নয়, সৈয়দ শাকিলের সহায়তায় চলে দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি বিদ্যালয়। জার্মানি থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘প্রথম আলোয় দীঘিনালার বিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে আদিবাসী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগে। আমি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য করি। আমার মা সৈয়দা জয়বুন্নেসা ছোটবেলা থেকে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দিতেন। ১১ বছর আগে মা মারা যান। আমি মায়ের নির্দেশনায় অসহায় দরিদ্রদের সাহায্য করি। এ প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমার সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।’
শাকিল জানালেন, তিনি গাইবান্ধা, রাজশাহীর বাঘা, চিলমারি উপজেলা ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আদিবাসীদের মাতৃভাষায় প্রাক্-প্রাথমিক শিক্ষাকেন্দ্র, সেলাই প্রশিক্ষণকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
নয়মাইল বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘জার্মানপ্রবাসী সৈয়দ শাকিল প্রতি সপ্তাহে ফোন করে বিদ্যালয়ের খবরাখবর নেন। আমরা শাকিলের সম্মানার্থে তাঁর মা সৈয়দ জয়বুন্নেসার নামে একটি পাঠাগার চালুর চিন্তা করছি। বিদ্যালয়ের জন্য সৈয়দ শাকিল আরও সাহায্য-সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন।’
নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরণময় ত্রিপুরা বলেন, ‘দূর প্রবাসের একজন মানুষ আমাদের এলাকায় শিক্ষার উন্নয়নে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা অভাবনীয়। তাঁকে সঙ্গে পেলে এই বিদ্যালয়ের স্বপ্ন নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব।’