বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায় বরিশালের সাংসদ ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে গতকাল মঙ্গলবার বরিশাল বিএনপির একাংশ সংবর্ধনা দিয়েছে। আর এ জন্য প্রায় এক হাজার মোটরসাইকেলের মহড়া নিয়ে সংবর্ধনায় অংশ নেন সারোয়ার।এদিকে দলের কেন্দ্রীয় মত্স্য ও পশুসম্পদবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিবের নেতৃত্বে বিএনপির অপর অংশ গতকাল সকাল ১০টায় এক-এগারো উপলক্ষে সংগঠনের ডাকা ‘কালো দিবস’ পালন করে।একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, সংবর্ধনা উপলক্ষে সরোয়ার গতকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। তাঁকে গ্রহণ করতে জেলার নেতা-কর্মীরা প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে সম্মেলনস্থল থেকে ২০ কিলোমিটার দূরে ঢাকা-বরিশাল মহসড়কের ইচলাদিতে অবস্থান করেন। পরে মোটরসাইকেলের এই বিশাল বহর নিয়ে বিকেল চারটার দিকে সরোয়ার নগরের অশ্বিনী কুমার হল চত্বরের সংবর্ধনা সভায় যোগ দেন।আহসান হাবিবের পক্ষের নেতারা সরোয়ারের জন্য এ ধরনের সংবর্ধনার সমালোচনা করেন। বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্তব্য করেন, কেন্দ্রীয়ভাবে ১১ ও ১২ জানুয়ারি সারা দেশে ‘কালো দিবস’ হিসেবে পালিত হলেও বরিশালে একজন নেতাকে সংবর্ধনার নামে আনন্দ অনুষ্ঠান মেনে নেওয়া যায় না। সরোয়ার যা করেছেন তা রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা। এটি এক ধরনের অপচয়। এটা পরিহার করা উচিত।সরোয়ারপন্থী নেতা হিসেবে পরিচিত মহানগর বিএনপির আহ্বায়ক মাহমুদ গোলাম সালেক প্রথম আলোকে বলেন, ‘১২ তারিখ কোনো ‘কালো দিবস’ পালনের সিদ্ধান্ত নেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১১ জানুয়ারি ‘কালো দিবস’ হিসেবে পালন করেছি। কিন্তু একটি পক্ষ সরোয়ারের এসব অর্জনকে ভালোভাবে নিচ্ছে না। তারা দলের মধ্যে অযথা বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।’তিনি বলেন, গতকাল সরোয়ারকে দেওয়া অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কাউকে জোর করে এতে অংশ নিতে বলা হয়নি।