প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাতিঘরটি দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। ফলে বঙ্গোপসাগরে মাছ ধরার পাঁচ হাজার ট্রলার ও মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আমদানির পণ্যবোঝাই জাহাজ চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। রাতের বেলায় জেলেরা দিক হারিয়ে ট্রলার নিয়ে মিয়ানমার সীমান্তে চলে গেলে সে দেশের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী তাঁদের ট্রলারসহ ধরে নিয়ে যায়। অন্যদিকে মালবাহী জাহাজ দিক হারিয়ে ডুবোচরে আটকে গেলে সঙ্গে সঙ্গে ফুটো হয়ে বিধ্বস্ত হয়। তখন কোটি টাকার মালামাল সাগরে বিলীন হয়। বাতিঘরটি চালুর ব্যাপারে ট্রলার-মালিকেরা চেষ্টা-তদবির করেও কোনো সুরাহা পাচ্ছেন না। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, বাতিঘরটি সংস্কারবিহীন কয়েক বছর ধরে পড়ে থাকায় প্রায় পাঁচ হাজার ট্রলারের দিক নির্ণয়ে সমস্যা হচ্ছে। গভীর সাগরে জলদস্যুর উৎপাত এবং দুর্যোগের নানা সতর্কসংকেত পড়লে দ্রুত সেন্ট মার্টিনে ফিরে আসা যায় না। এ সময় দিক হারিয়ে অথবা দুর্যোগের কবলে পড়ে বহু ট্রলার সাগরে ডুবে গেছে। মারা গেছেন বহু জেলে। কিন্তু তার পরও বাতিঘরে নতুন বাতি সংযোজনসহ ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মার্কেন্টাইল মেরিন বিভাগের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান জানান, নতুন বাতি স্থাপন ও অবকাঠামো সংস্কার করার বিষয়ে কোরিয়ান একটি প্রতিনিধিদল সম্প্রতি সেন্ট মার্টিন ঘুরে আসে। কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও একটি প্রতিনিধিদল বাতিঘর পরিদর্শন করবে। এরপর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭০ সালে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়ায় ৩৮ শতক জমির ওপর এই বাতিঘরটি নির্মাণ করা হয়। প্রথমে গ্যাসচালিত বাতি সংযোজন করা হলেও ১৯৮০ সালের পর ঘূর্ণমান বাতিটি স্থাপন করা হয়। রাতের বেলায় বাতি থেকে ছড়িয়ে পড়া আলো দেখে ট্রলার ও জাহাজ সাগরে চলাচল করত। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বাতিটি নষ্ট হলে বিকল্প হিসেবে গ্যাসচালিত একটি বাতি চালু করা হয়। এটি ৩২ সেকেন্ড পর একবার ফ্ল্যাশ আলো বিকিরণ করে। এখন ওই বাতিটিও অচল হয়ে পড়েছে। টেকনাফ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো. রফিক জানান, বর্ষার আগে ওই বাতি মেরামত করা না হলে বহু ট্রলার সাগরে উল্টে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক সাইফুল করিম জানান, গত বছর সাগরের তলদেশে জেগে ওঠা ডুবোচরে আটকা পড়ে তাঁর কাঠ ও মালবোঝাই তিনটি জাহাজ উল্টে কয়েক কোটি টাকার পণ্য সাগরে বিলীন হয়। আরও কয়েকজন ব্যবসায়ীর পশু ও মালবোঝাই কয়েকটি ট্রলার ডুবে যায়। বাতিঘরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহসিন জানান, বর্তমানে এই বাতিঘরে আবাসন, বিদ্যুৎ, পানির কোনো সরবরাহ নেই।