হাজার হাজার রেলযাত্রীর অবর্ণনীয় দুর্ভোগ
বেলা ১২টা ৪০মিনিট। লাইনচ্যুত হলো মালবাহী একটি ট্রেনের একটি বগি। ফলাফল ঢাকা-চট্টগ্রামসহ চারটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। বিকেল চারটায় বগিটিকে লাইনে তুলে লাগানো হলো ইঞ্জিনের সঙ্গে। চালু হতে না হতেই বগিটি আবার লাইনচ্যুত। আবারও বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। এবার তিন ঘণ্টা।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে ঘটল ঘটনাটি। দুই দফায় ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথের হাজার হাজার যাত্রীকে পোহাতে হলো অবর্ণনীয় দুর্ভোগ।
কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন (৮১০) কসবা রেলওয়ে স্টেশনের তিন নম্বর লাইনে অবস্থান করছিল। বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পাঁচটি বগি দুই নম্বর লাইন অতিক্রম করে মেইন লাইন উঠে। এ সময় ছয় নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিলেটগামী পাহাড়িকা লাকসাম রেলজংশনে, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সদর রসুলপুর স্টেশনে আটকা পড়ে।
বেলা দুইটার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের সামনের পাঁচটি বগিকে বিচ্ছিন্ন করে ইঞ্জিনসহ সামনের মন্দভাগ রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু লাইনচ্যুত হওয়া ট্রেনের বাকি অংশ দুই ও তিন নম্বর লাইনে আটকা পড়ে। ট্রেনটিকে আখাউড়া রেলজংশনে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি বেলা চারটার দিকে উদ্ধার করে এক নম্বর লাইনে নিয়ে যায়। এ সময় পেছনে ট্রেনের গার্ডের বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে আবারও চারটি লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলি কসবার ইমামবাড়ি রেলস্টেশনে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে আটকা পড়ে।
কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. লুৎফুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, আখাউড়ার উদ্ধারকারী ট্রেনের সাহায্যে লাইনচ্যুত হওয়া চাকাগুলোকে লাইনে তোলা হলে সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে চারটি রেলপথেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
আরও পড়ুন..
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক