হাজার হাজার শিক্ষার্থীর জন্য বাস মাত্র আটটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৬৮। তাঁদের বেশির ভাগই শহরের বাইরে আদর্শ সদর উপজেলা ও অন্যান্য উপজেলার। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরিবহনের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে মাত্র একটি। এর বাইরে সাতটি বাস ভাড়ায় এনে চালানো হচ্ছে। বাসে আসনসংখ্যা মোট ৩৬০। এ অবস্থায় অবিলম্বে আরও বাস বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

১৮৯৯ সালের ২৪ অক্টোবর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২২ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৬২০ ও ছাত্রী ১০ হাজার ৮৪৮। এর মধ্যে মাত্র ১ হাজার ৩৫ জনের (ছাত্র ৬৩৫, ছাত্রী ৪০০ জন) আবাসনব্যবস্থা রয়েছে। বাকিরা বাসাবাড়ি অথবা মেসে থাকেন।

এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য কলেজের ৪২ আসনের একটি বাস রয়েছে। ১৯৯৩ সালে তত্কালীন প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে বাসটি উপহার দেন। বর্তমানে কলেজ কর্তৃপক্ষ সাতটি বাস ভাড়ায় এনে পরিচালনা করছে। প্রতিদিন সকালে বাসগুলো শিক্ষার্থীদের আনার জন্য জেলার বিভিন্ন উপজেলায় যায়। বিকেলে আবার শিক্ষার্থীদের নিয়ে ফেরত যায়।

কলেজের অন্তত পাঁচজন শিক্ষার্থী বলেন, যে বাসগুলো তাঁদের পরিবহনে ব্যবহার হচ্ছে, সেগুলো লক্কড়ঝক্কড় মার্কা। কোনো রকমে রাস্তায় চলে। শহরের বাইরের মতো ভেতরেও বাস চালু করা দরকার।

কলেজের পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফিন্যান্স বিভাগের প্রধান কাজী মো. মুজিবুর রহমান জানান, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রতিদিন চান্দিনা, বরুড়া, লাকসাম, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়ার শশীদল ও চৌদ্দগ্রামের মিয়াবাজারে একটি করে এবং দেবীদ্বার উপজেলায় দুটি বাস যাতায়াত করে। শিক্ষার্থীর চাপ অনুযায়ী পথগুলো ঠিক করা হয়।

কলেজ সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে পরিবহন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়। এর আগে আরও কম নেওয়া হতো। সব মিলিয়ে পরিবহন তহবিলে প্রায় ৫৫ লাখ টাকা রয়েছে। কলেজ খোলার দিন ভাড়ায়চালিত প্রতি বাসের পেছনে খরচ হয় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা। এর বাইরে কলেজ বাস ও দুটি মাইক্রোবাসের চালক ও সহকারীর জন্য এ তহবিল থেকে খরচ হয়।

যোগাযোগ করলে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, কলেজ প্রতিষ্ঠার ১১৭ বছরের মধ্যে মাত্র একটি বাস সরকার থেকে পাওয়া গেছে। কলেজে আবাসনসংকট থাকায় বাসের ওপর চাপ বাড়ছে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে ঠাসাঠাসি করে যাতায়াত করেন। এই দুর্ভোগ কমানোর জন্য শিক্ষার্থীদের টাকায় নতুন বাস কেনার চেষ্টা চলছে। তা ছাড়া কলেজের জন্য আরও বাস দিতে শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে।