হাজারি গলিতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট
চট্টগ্রাম নগরের হাজারি গলির ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম শাখার নির্বাচনের দাবিতে এই ধর্মঘট পালন করা হয়। হাজারি গলি ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এ ধর্মঘট ডাকা হয়। তবে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দোকান বন্ধ রাখতে তাঁদের বাধ্য করা হয়েছে।
হাজারি গলির ভেতরে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন দেওয়া হচ্ছে না। এটি অগণতান্ত্রিক। সমিতির অনেক সদস্য মারাও গেছেন। তাঁরা অবিলম্বে নির্বাচনের দাবি জানান।
সমাবেশে কল্যাণ সমিতির সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক সুবাস নাথ, উপদেষ্টা আশীষ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন দোকানি বলেন, ‘আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত নই। তবু আমাদের দোকান বন্ধ করে দেওয়া হয়। নইলে দোকান ভাঙচুরের হুমকি দেওয়া হয়।’