হাজারীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হচ্ছে না
হাজারীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গতকাল শুক্রবার সকাল থেকে ট্যানারির প্রবেশপথে পুলিশি পাহারা থাকে। এ বিষয়ে আগেই ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) ঘোষণা ছিল।
ট্যানারিগুলোকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরে বাধ্য করার প্রক্রিয়া হিসেবে গতকাল এই উদ্যোগ নেওয়া হয় বলে বিসিকের একজন কর্মকর্তা জানান। ইতিপূর্বে কয়েক দফা সময় বাড়িয়েও ট্যানারি সরানো যায়নি।
এদিকে পূর্বঘোষণা থাকায় অনেক ট্যানারি মালিক আগে থেকেই কাঁচা চামড়া মজুত করে রেখেছিলেন বলে জানা গেছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্বঘোষণা থাকায় কাঁচা চামড়া ঢুকতে না দেওয়ার বিষয়টি তাঁরা মেনে নিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ারও চেষ্টা করেননি। তবে কাঁচা চামড়ার অভাবে তাঁদের সাময়িকভাবে অসুবিধায় পড়তে হবে। তিনি বলেন, তারা সরকারি নির্দেশ মানার চেষ্টা করছেন। ট্যানারি নেতারা চামড়া মেলায় অংশ নিতে হংকংয়ে অবস্থান করছেন। তাঁরা ফিরে এলে শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
হাজারীবাগ থানা-পুলিশ গতকাল ট্যানারির সবগুলো প্রবেশপথে পাহারা বসায়। ধানমন্ডি থেকে হাজারীবাগ যাওয়ার পথেও সব গাড়িকে তল্লাশি করা হয়। চামড়া থাকতে পারে—এমন গাড়ি বা ভ্যানগুলোতে গতকাল দিনভরই তল্লাশি করা হয় এবং পাওয়া গেলে সেগুলো উল্টো পথে ফিরিয়ে দেওয়া হয়। তবে ট্যানারি থেকে বাইরে গাড়ি যেতে দেওয়া হয়। থানা থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিতে গত জানুয়ারিতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সময় না মানায় কিছু ট্যানারিকে উকিল নোটিশও পাঠানো হয়েছিল। ওই সময়ে মালিকেরা বলেছিলেন, সাভারের হেমায়েতপুরে কারখানা সরিয়ে নেওয়ার কথা বলা হলেও সেখানে যাওয়ার মতো বন্দোবস্ত ছিল না। এমনকি পরিশোধনযন্ত্রও বসানো হয়নি। তাঁরা অন্তত ছয় মাস সময় চেয়েছিলেন। এ ছাড়া হাজারীবাগে আড়াই শ ট্যানারি কারখানা থাকলেও সাভারে মাত্র ১৫৫টি কারখানার প্লট বরাদ্দ রাখা হয়।